ঘুমঘুম ক্লাসরুমে টেন্স পড়াতে গিয়ে আটকে গেলাম অতীতে - 24 Ghanta Bangla News
Home

ঘুমঘুম ক্লাসরুমে টেন্স পড়াতে গিয়ে আটকে গেলাম অতীতে

Spread the love

সন্তু জানা

বিএড প্র্যাকটিস টিচিং চলছে ঐতিহ্যবাহী শিক্ষাসত্র মেদিনীপুর টাউন স্কুলে। গর্বে ছাতির মাপ খানিকটা বেড়ে গিয়েছে। বিশাল সুসজ্জিত ফটক দিয়ে প্রবেশ করে মূল বিল্ডিংয়ের দোতলায় পৌঁছতে হলে গোলাকার প্যাঁচানো সিঁড়ি ভেঙে উঠতে হবে। এখানেই এক কালে লেখাপড়া শিখেছেন অগ্নিযুগের অস্ত্রগুরু হেমচন্দ্র দাস কানুনগো। পঞ্চম শ্রেণির জন্য সেই একই পুরোনো শ্রেণিকক্ষ। হেমবাবু যেখানে পড়তেন, সেখানে দাঁড়িয়ে সামান্য যুবক পড়াচ্ছে Tense, ক্রিয়ার কাল। অথচ, অব্যক্ত এক নস্টালজিয়ায় সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মন শুধু ফিরতে চাইছে হেমবাবুর চরণে। শুধুই পাস্ট, নো প্রেজেন্ট, নো ফিউচার।

১৮৮৩-র ৩ জানুয়ারি মেদিনীপুর শহরের বল্লভপুর মৌজায় মিত্রবাবুদের বাড়ির বারান্দায় প্রতিষ্ঠিত হয় এই টাউন স্কুল। ১৯২৫-এ স্কুলের কিংবদন্তী প্রধান শিক্ষক ঈশ্বরচন্দ্র চক্রবর্তী গড়ে তোলেন ‘মিলন মন্দির’। বিদ্যালয়ের ছাত্র পরিমল রায়, পুলিনবিহারী মাইতি, বীরেন্দ্রনাথ মাঝি, সন্তোষ মিশ্র, হরিপদ ভৌমিকের আন্তরিক প্রচেষ্টায় এই ‘মিলন মন্দির’ মেদিনীপুর শহরের জাতীয়তাবাদী ছাত্র-আন্দোলনের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মেদিনীপুরের ছাত্র আন্দোলনের ইতিহাসে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি-র আগমন ছিল একটি ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণ। মেদিনীপুর টাউন স্কুলের শিক্ষার্থী প্রফুল্ল ত্রিপাঠী, পরিমল রায়, ফণী কুণ্ডু, অমর চট্টোপাধ্যায়, ব্রজকিশোর চক্রবর্তী, নরেন্দ্রনাথ দাসদের সঙ্গে সত্য মুখোপাধ্যায়, ভূপতি মণ্ডল, নির্মল রায়, সন্তোষ বেরা, কৃষ্ণলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন।

এমন দাবানলে ঘৃতাহুতি প্রদান করে টাউন স্কুলের ছাত্র ব্রজকিশোর চক্রবর্তীর লেখা পুস্তিকা ‘How to Recruit Revolutionary’। সে যুগে মেদিনীপুরের বিপ্লবীদের কাছে এই পুস্তিকা ছিল গীতা-র সমতুল্য। অতঃপর, ১৯২৯-এ মেদিনীপুরে গঠিত হয় ‘অনুশীলন দল’। দলের নেতৃত্বে মেদিনীপুর টাউন স্কুলের বীর-ছাত্র বীরেন দাস। সঙ্গে যোগ দেন সুবীর ভট্টাচার্য, শৈলেন দাস, জ্ঞান খাঁড়া, বিজয় ঘোষ, অজয় ঘোষ, রাধারমণ চক্রবর্তীর মতো বহু ছাত্র। ১৯৩১, ১৯৩২ আর ১৯৩৩ টানা তিন বছরে ব্রিটিশ প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন মেদিনীপুরের ছাত্র-যুবরা। কুখ্যাত পেডি, ডগলাস এবং বার্জ অত্যাচারী তিন জেলাশাসকের অকালমৃত্যুর প্রেক্ষাপটে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে যুক্ত ছিল টাউন স্কুলের নির্ভীক ছাত্রদল। বার্জ হত্যা মামলায় ফাঁসির সাজা শোনানো হয় ব্রজকিশোর চক্রবর্তী ও রামকৃষ্ণ রায়কে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃগেন্দ্রনাথ দত্ত ও অনাথবন্ধু পাঁজার। ফাঁসির মঞ্চে ব্রজকিশোর গ্রিফিত সাহেবকে বলেছিলেন, ‘Thank you, Sir! for the opportunity you give us to die for our country.’ এক সময়ে ব্রিটিশের চরম রোষানল থেকে রক্ষা পায়নি মেদিনীপুর টাউন স্কুলের প্রতিটি বাড়িঘর, দেওয়াল, ফটক। এ যেন বাবু কার্তিকচন্দ্র মিত্রের বক্ষপাঁজরে করাঘাত।

হ্যাঁ, বাবু কার্তিকচন্দ্র মিত্র। স্কুলবাড়িটি আসলে তাঁরই বাড়ি। ঐতিহ্যশালী মেদিনীপুর টাউন স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। তিনিই বিপ্লবের সূতিকাগার গড়ে তোলার মূল হোতা। ১৮৭০-য় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে ১২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের মধ্যে ইংরেজি অনার্সে প্রথম স্থান অর্জন করেছিলেন প্রেসিডেন্সি কলেজের এই কৃতী শিক্ষার্থী কার্তিকচন্দ্র মিত্র। ভাবা যায়। আজ থেকে ১৫৫ বছর আগে তৎকালীন বাংলার শিক্ষাব্যবস্থার প্রাণকেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে গুটিকয়েক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের মধ্যে ইংরেজি বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন গ্রামীণ মেদিনীপুরের একজন সাধারণ শিক্ষার্থী!

১৮৪৮-এর জুলাইয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার চক জকপুরের কাছে চক গণেশ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই দূরদর্শী শিক্ষাবিদ। এখানেই শেষ নয়। বাবু কার্তিকচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম মেদিনীপুরবাসী হিসেবে FA, BA ও MA পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেদিনীপুরবাসী ‘ঈশান স্কলার’। পরে BL (আইন) ডিগ্রি লাভ করে তিনি দীর্ঘকাল মেদিনীপুর জজ কোর্টের প্লিডার হিসেবে সুনাম অর্জন করেন। কত কাল ধরে কংসাবতী দিয়ে কত জল গড়িয়েছে। ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন বাবু কার্তিকচন্দ্র। প্রসঙ্গত, ‘মেদিনীপুরের ইতিহাস’ রচনাকার মহামান্য যোগেশচন্দ্র বসুর স্বহস্তে লিখিত ১২০ বছর পূর্বে রচিত একটি দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ‘বসু-বংশ’ সম্প্রতি উদ্ধার করেছি মেদিনীপুরের রাঙামাটি থেকে।

সেই পাণ্ডুলিপির সূত্র ধরে ইতিহাসে এই প্রথম বার জানা যায় একটি বিশেষ তথ্য যে, উনবিংশ শতকের প্রথমার্ধে যোগেশচন্দ্র বসুর প্রপিতামহ মুন্সী রামধন বসুর জেষ্ঠ্য কন্যা পদ্মাবতীর সঙ্গে জকপুর নিবাসী কুলীন জমিদার গোবিন্দরাম মিত্রের বিবাহ হয়। এই গোবিন্দরাম ছিলেন মেদিনীপুরের উজ্জ্বল নক্ষত্র কার্তিকচন্দ্র মিত্রের পিতামহ।

জকপুরের জমিদার বসু পরিবার মেদিনীপুরের নতুন বাজারের কাছে রাজ অট্টালিকা নির্মাণ করেন উনবিংশ শতকের মধ্যভাগে। পরে কার্তিকচন্দ্র পারিবারিক সেই অট্টালিকাটিকেই ইংরেজি বিদ্যালয়ের রূপদান করেন। প্রথম থেকেই বিদ্যালয়টি ছিল নবজাগরণের কেন্দ্রস্থল। শুধু তাই নয়, প্রাক স্বাধীনতাকালে সশস্ত্র বিপ্লবের আঁতুড়ঘর ছিল এই শিক্ষালয়টি। এই কারণে ইংরেজ শাসক কোনও ভাবেই নিজেদের শাসনকালে স্কুলটিকে সরকারি মান্যতা দেয়নি।

হঠাৎ ঢং ঢং ঢং করে ঘণ্টা বাজতেই বাচ্চারা সব কিচিরমিচির করতে করতে এক মুহূর্তে হাওয়া। বুঝলাম, টিফিনের ঘণ্টা পড়ে গিয়েছে। কিন্তু, আমি যে পাস্ট টেন্সেই আটকে গিয়েছি, কিছুতেই আর প্রেজেন্ট টেন্সে ফিরতে পারছি না।

(লেখক শিক্ষক ও গবেষক। মতামত ব্যক্তিগত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *