গাড়ি ভর্তি শহর, হাঁটার রাস্তা কই! বেআইনি পার্কিংয়ে নাভিশ্বাস শিলিগুড়ির, সমাধান কোন পথে?
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি
শনিবার বেলা বারোটা। বিধান রোডের এক বড় হোটেল সংলগ্ন ট্র্যাফিক বুথের পাশে দীর্ঘক্ষণ রাস্তা আটকে দাঁড়িয়েছিল একটি গাড়ি। নীল বাতি লাগানো, ‘ভারত সরকার’ লেখা। ব্যস্ত সময়ে সেই গাড়ির জন্য যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। সপ্তাহখানেক আগেও একই ছবি দেখা গিয়েছিল শহরে। ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা ও নীল বাতি লাগানো একাধিক গাড়ি হিলকার্ট রোড থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারের উপর দিয়ে টিকিয়াপাড়ার দিকে যাচ্ছিল। ফ্লাইওভারে ডানদিকে বাঁক নেওয়া নিষিদ্ধ। তবু একটি গাড়ি নিয়ম ভেঙে সাবওয়ে ধরে শিলিগুড়ি থানার দিকে ঢুকে পড়ে। পিছনে থাকা কালো রঙের অন্য একটি গাড়ি যেতে গিয়ে সেখানে আটকে যায়। এতে দীর্ঘক্ষণ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।
এই ছবির দেখা মেলে মাঝেমধ্যেই। তবে অভিযোগ শুধু সরকারি স্টিকার বা নীল বাতি লাগানো গাড়ির বিরুদ্ধে নয়। শহরের সর্বত্রই যত্রতত্র বিভিন্ন ধরনের গাড়ির বেআইনি পার্কিং এখন বড় সমস্যা। শিলিগুড়ি পুরসভা ও দীনবন্ধু মঞ্চ সংলগ্ন রাস্তা থেকে শুরু করে কলেজপাড়ার চিলড্রেন পার্ক, মিলনপল্লি, খালপাড়া-নয়াবাজার এবং বাঘাযতীন কলোনির বহু রাস্তা কার্যত অবৈধ পার্কিং লটে পরিণত হয়েছে। সেবক রোড, হিলকার্ট রোড ও বিধান রোডের মতো প্রধান সড়কেও যানবাহন দাঁড় করিয়ে রাখার ঘটনা নতুন নয়।
শহরবাসীর অভিযোগ, পাড়ায় পাড়ায় বাড়ির সামনে এবং রাস্তার দু’পাশে যেখানে-সেখানে গাড়ি রেখে দেওয়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহু পুরোনো বাসিন্দা পার্কিং সমস্যার কারণে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাড়ার রাস্তায় ঢুকতে পারে না। অথচ কয়েক মাস আগেও যানজট ও অবৈধ পার্কিং রুখতে প্রশাসন সক্রিয় হয়েছিল।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একটি নির্দিষ্ট অংশ পার্কিং লট হিসেবে ব্যবহার শুরু হয়। সেই সময় শহরজুড়ে পুলিশের লাগাতার অভিযানও চলেছিল। কিন্তু বর্তমানে নজরদারির অভাবে পরিস্থিতি ফের আগের অবস্থায় ফিরে গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের দাবি, মাঝেমধ্যে লোকদেখানো অভিযান বা ধরপাকড় হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, শুধু প্রধান রাস্তা বা আবাসিক এলাকাই নয়, থানার চত্বরও অবৈধ পার্কিংয়ের দখলে চলে গিয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা চত্বর বর্তমানে থানা মোড় ও আশপাশের বাজারে আসা মানুষের অস্থায়ী পার্কিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। অথচ একই চত্বরে রয়েছে শিলিগুড়ি থানা, সাইবার ক্রাইম থানা, মহিলা থানা এবং একজন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের কার্যালয়।
এ নিয়ে পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘ডিউটি ছেড়ে সারাদিন গাড়ি পাহারা দেওয়া সম্ভব নয়। উপরমহলের কোনও নির্দিষ্ট প্ল্যানিং না থাকায় পার্কিং নিয়ে আগ বাড়িয়ে কাউকে কিছু বলতে যাওয়াও বিপদ।’ এ বিষয়ে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। এই দায়িত্বে থাকা বিভাগীয় ডিসিপি কাজি শামসুদ্দিন আহমেদকে সম্প্রতি অন্যত্র বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে ট্র্যাফিকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) রানা মুখোপাধ্যায়কে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।