কথা সরকারের সঙ্গে বলুন, শিল্প নিয়ে শমীক-বার্তা, সাক্ষাতে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের
এই সময়: বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বুধবার সল্টলেকে বিজেপির দপ্তরে দেখা করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থান সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
শমীকের মতে, রাজ্য বিজেপি দপ্তরে ফিলিপ গ্রিনের উপস্থিতিই প্রমাণ করে যে, বাংলায় শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনার এসেছিলেন। তাঁর মনে হয়েছে, বর্তমান সরকারের আমলে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে চাইছেন।’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে গীতা উপহার দেন শমীক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নতুন শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থানের উপরে জোর দিয়েছে বিজেপি। যে কারণে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা তোলাবাজির সংস্কৃতি দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলায় তৈরি করতে চাইছেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে তোলাবাজদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন পদ্মের শীর্ষ নেতারা।
এ দিন ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে তোলাবাজদের বিরুদ্ধে শমীক ফের বলেন, ‘পার্টি পার্টির মতো চলে। পার্টির নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। পার্টির নির্দিষ্ট কর্মপদ্ধতি রয়েছে। পার্টির কোনও কর্মীর যদি বিচ্যুতি হয়, পার্টি ব্যবস্থা নেয়। বাদবাকি সমাজে কী চলছে, রাজ্যের মানুষ কোন জায়গায় অসুবিধে ফিল করলেন, সেটা আমরা সরকারকে জানাচ্ছি। সরকার সরকারের কাজ করে চলেছে। যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সরকার ব্যবস্থা নিচ্ছে।’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তার বর্ণনা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, ‘তাঁরা পশ্চিমবঙ্গেও একটি বিশ্ববিদ্যালয় গড়তে চান। তার জন্য ইতিমধ্যেই উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সরকারের কাছ থেকে সহযোগিতা চান।’ এ প্রসঙ্গেই শমীকের সংযোজন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের আগামী দিনের আর্থ–সামাজিক উত্তরণের পথ খুলবে। এবং সেটা খুলতে শুরু করেছে।’
তবে বিজেপির রাজ্য সভাপতি চাইছেন, দেশ–বিদেশের প্রতিনিধিরা বিনিয়োগের জন্য তাঁর কাছে নয়, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করুন। শমীকের কথায়, ‘যে হেতু এখানে ৪৯ বছর ধরে দলতন্ত্র তৈরি হয়েছিল, তাই বিদেশি প্রতিধিনিধিরা প্রথমে পার্টি অফিসে আসছেন। তাই প্রথমেই তাঁদের জানিয়েছি, এখানে সরকার সরকারের মতো চলছে। তাই অনুগ্রহ করে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করুন।’