ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা হাসিনার বোনঝি টিউলিপের
বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন ব্রিটেনের লেবার পার্টির সাংসদ, সেখানকার প্রাক্তন মন্ত্রী এবং শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, দুর্নীতির মামলায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এই বিচারপ্রক্রিয়াকে ‘বিদ্বেষমূলক মামলা’ (Malicious Prosecution) বলে দাবি করেছেন তিনি। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর ব্রিটিশ সরকার থেকে তাঁকে পদত্যাগ করতে হয়। বর্তমানে এক আইনজীবীর সঙ্গে তাঁর আইনি পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী।
ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন হাসিনার বোনঝি?
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘Politics Unleashed’ পডকাস্টে এই মন্তব্য করেন টিউলিপ। তাঁর দাবি, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন তিনি। একজন অভিজ্ঞ আইনজীবী তাঁকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি আছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি টিউলিপ।
কী অভিযোগ টিউলিপের বিরুদ্ধে?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট পাইয়ে দিতে সাহায্য করার অভিযোগ উঠেছিল টিউলিপের বিরুদ্ধে। ২০২৫ সালের ডিসেম্বরে আরও ১৬ জনের সঙ্গে তাঁকে তাঁর অনুপস্থিতিতেই দু’বছরের কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। লন্ডনে বসবাসকারী টিউলিপ অবশ্য শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন।
হাসিনার বোনের মেয়ে টিউলিপের দাবি, ঠিক কী অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা জানার জন্য বারবার চেষ্টা করেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনও উত্তর পাননি। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিরও জবাব দেওয়া হয়নি। এমনকী, লন্ডনের ডরচেস্টার হোটেলে থাকাকালীন ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়ে সরাসরি দেখা করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ইউনুস তাতে রাজি হননি বলে অভিযোগ টিউলিপের।
এদিকে, টিউলিপের অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি মুহাম্মদ ইউনুস। তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখ। আপাতত আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ স্থির করতে চাইছেন টিউলিপ।
পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের পুরো বিচারপ্রক্রিয়াকে ‘Kafkaesque nightmare’ বা দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন টিউলিপ। তাঁর কথায়, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের অ্যালার্ট দেখেই প্রথম জানতে পারেন যে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নিজেকে নির্দোষ বলে দাবি করে টিউলিপ জানিয়েছেন, ঘটনায় আতঙ্কিত হওয়ার পরিবর্তে তিনি বেশি বিস্মিত হয়েছিলেন।
মন্ত্রিত্ব ছাড়ার নেপথ্যেও এই বিতর্ক
বাংলাদেশে দুর্নীতির অভিযোগের জেরে ব্রিটেনের রাজনীতিতেও চাপের মুখে পড়েছিলেন টিউলিপ। তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মন্ত্রিসভায় দুর্নীতিবিরোধী দায়িত্বে থাকা টিউলিপ শেষ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।
পডকাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনঝি জানান, হুমকির মুখে পড়ার পরেও স্টারমার তাঁকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু তাঁকে নিয়ে বারবার প্রশ্ন ওঠায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সমস্যার কারণ হতে চাননি তিনি। টিউলিপের কথায়, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক প্রচেষ্টায় তিনি প্রথম থেকেই পাশে ছিলেন। অথচ শেষ পর্যন্ত নিজেই তাঁর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন। স্টারমারের পদত্যাগের ঘটনাকে ব্যক্তিগতভাবে বেদনাদায়ক বলেও উল্লেখ করেছেন টিউলিপ। তবে তাঁর রাজনৈতিক অগ্রাধিকার এখনও লেবার পার্টির সরকারকে সফল করা। স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামেরও প্রশংসা করেছেন তিনি।