বইয়ের স্টল ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট।
এমনকী, বর্ষীয়ান বাম–রাজনীতিক, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ঘিরেও ‘চড় মারো তালে তালে’, ‘গো ব্যাক’ স্লোগান দেন এবিভিপি সমর্থকরা। সকাল থেকে দফায় দফায় গোলমাল চললেও কেন মঙ্গলবারের মতো এ দিন পুলিশের তৎপরতা দেখা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এসএফআই নেতৃত্ব। দিনভর গোলমাল প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘এটা সম্পূর্ণ ছাত্র রাজনীতির ব্যাপার। ছাত্রদের বয়স কম। আমাদের এখানে ছাত্র আন্দোলন তো কোনও দিনই নিরামিষ ছিল না। ওটা একটু হয়।’ আজ, বুধবারও কলেজ স্ট্রিট তল্লাটে উত্তেজনার পারদ চড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। এ দিন সন্ধের পরে এবিভিপির বিরুদ্ধে চকোলেট বোমা ফাটিয়ে, চায়ের ভাড়, ইট, ডিম ছুড়ে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগে সরব হয়েছেন এসএফআই কর্মী–সমর্থকরা। পুলিশ ও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই চকোলেট বোমা এসে পড়ে বইয়ের স্টলেও। ইট থেকে বাঁচতে চেয়ার মাথায় দিয়ে বসে পড়তে দেখা যায় অনেককে। যদিও এবিভিপি এই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা এসএফআইয়ের বিরুদ্ধেই ইট ছোড়া, চকোলেট বোমা ফাটানোর অভিযোগে তুলেছে তারা। যদিও পুলিশ দীর্ঘক্ষণ কেন ব্যবস্থা নিল না, তা জানতে বার বার ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।