দেশি পড়ুয়া কমলো ইউএসে, ট্রাম্পের ডিউরেশন অফ স্ট্যাটাস পলিসি ‘বেআইনি’ জানাল কোর্ট
এই সময়: সুযোগ পেলে উচ্চশিক্ষার জন্য মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার ‘আমেরিকান ড্রিম’ রাখেন না, এমন মেধাবী পড়ুয়ার সংখ্যা কোটিতে গুটি বললেও বোধহয় বেশি বলা হবে। ফি বছরই বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্তের বেশ কয়েক লক্ষ ইচ্ছুক পড়ুয়া মার্কিন মুলুকের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানগুলিতে আবেদন জমা করেন। তবে দ্বিতীয় দফায় তখতে বসার পরেই তাতে বাধ সেধেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এবং তাঁর ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ অভিযান।
যার জেরে সেদেশে পা রাখাটা অনেকটাই কষ্টকল্পনা হয়ে গিয়েছে ভারতীয়-সহ মেধাবী বিদেশি পড়ুয়াদের জন্য। ডনের নিত্যনতুন নির্দেশে অভূতপূর্ব ভিসা স্ক্রুটিনির ফাঁস, নামমাত্র ইন্টারভিউ স্লট থাকা এবং শিক্ষা শেষে মার্কিন মুলুকে চাকরি পাওয়ার সুযোগ-সম্ভাবনা প্রায় শিকেয় ওঠায় লক্ষ্যণীয় ভাবে কমেছে ‘দ্য গ্রেট অ্যামেরিকান ড্রিম’ এর পিছনে পড়ুয়াদের ছোটা। পরিসংখ্যান বলছে, বিভিন্ন রকম বাড়তি নজরদারি, নিত্যনতুন বিধি এবং আইনের লাল ফিতের গেরোয় জেএফকে বা লস অ্যাঞ্জেলেসে বিমান থেকে নামা বিদেশি পড়ুয়ার (পড়ুন যার অধিকাংশই ভারতীয়) সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ২০২৫-২৬ সালে। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন-এর তরফে প্রকাশিত সাম্প্রতিকতম ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জে দাবি করা হয়েছে, ২৫-২৬ শিক্ষাবর্ষে মার্কিন মুলুকের বিশ্ববিদ্যালয়গুলিতে সার্বিক ভাবে ভারতীয় পড়ুয়াদের এনরোলমেন্ট আগের বছরের তুলনায় ৬.৫% কমে হয়েছে ৩,৩৯,৪৩৫।
যেখানে আগের বছরে এই সংখ্যাটা ছিল ৩,৬৩,০১৯। গ্র্যাজ়ুয়েট লেভেলে যে পতনটা অনেক বড়, ৩৪%। এই ক্যাটে নতুন ভারতীয় পড়ুয়ার সংখ্যা ১,৭৭,৮৯২ থেকে কমে হয়েছে ১,১৬,৬০৯। যদিও আন্ডারগ্র্যাজ়ুয়েট স্তরে তা কমেছে ১%। সামগ্রিক ভাবেও মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়ার সংখ্যা কমেছে ২.৭%। ফ্রেশ এনরোলমেন্ট-এর ক্ষেত্রে ছবিটা আরও খারাপ। মার্কিন কোনও বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পা রাখা পড়ুয়ার সংখ্যা ২০২৪-২৫ সালের ২,৭৭,১১৮ থেকে এক ধাক্কায় ১৭.৭% কমে হয়েছে ২,২৮,১২৩। তবে এতসব ‘খারাপ’ খবরের মধ্যেও আলোর রুপোলি রেখা রয়েছে। যেটা দেখা গিয়েছে ভারতীয় পড়ুয়াদের অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ওপিটি)-এ অংশ নেওয়ার ক্ষেত্রে। ওপিটি-র মাধ্যমে যোগ্যতার নিরিখে বিদেশি পড়ুয়ারা মার্কিন মুলুকে পঠনপাঠন শেষে হাতেকলমে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ করতে পারেন সিভি-তে। চলতি শিক্ষাবর্ষে যা আগের বছরের ১,৪৩,৭৪০ থেকে এক লাফে ২৭% বেড়ে হয়েছে ১,৮২,২০১। যদিও মার্কিন মুলুকে যাওয়া বিদেশি পড়ুয়ার লায়ন্স শেয়ার টানা ৩ বছর নিজের দখলে রাখল ভারত। ২৫-২৬ সালে মোট পড়ুয়ার ২৯.৬% সাপ্লাই করেছে নয়াদিল্লি।
অন্য দিকে, এইচ১বি ভিসা দেওয়ার নিয়মে ইতিমধ্যেই একাধিক কড়াকড়ি এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ বার তারা বদলাতে চলেছে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পার্ম) পদ্ধতির পরিকাঠামো। সংবাদসংস্থা ব্লুমবার্গ ল-এ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, এমপ্লয়মেন্ট ভিত্তিক গ্রিন কার্ড-এর আবেদন করার জন্য স্পনসরশিপ সার্টিফিকেট দেওয়ার আগে যে ‘লেবার মার্কেট টেস্ট’-এর প্রক্রিয়া সেরে ফেলতে হতো সংশ্লিষ্ট সংস্থাকে, তার খোলনলচে ঢেলে সাজতে চলেছেন কর্তৃপক্ষ।
যার অঙ্গ হিসেবে ঠিক হয়েছে, গত দু’বছরের মধ্যে মার্কিন কর্মীকে যে পদ থেকে ছাঁটাই করা হয়েছে, সেই পদে বিদেশি কাউকে নিয়োগের অনুমতি দেওয়া হবে না। এবং প্রিন্ট মিডিয়ায় ছোট করে বিজ্ঞাপন দিয়ে সংস্থা কর্তৃপক্ষ যাতে চুপিসাড়ে নিয়োগ সেরে ফেলতে না পারেন, সে জন্য কোনও শূন্য পদে নিয়োগের জন্য অন্তত ৯০ দিন আগে সংস্থার ওয়েবসাইট, অনলাইন জব বোর্ড, সোশ্যাল মিডিয়া-সহ একাধিক মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে।