দশমীতে হচ্ছে না চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে বেরোবে প্রতিমা? - 24 Ghanta Bangla News
Home

দশমীতে হচ্ছে না চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, কবে বেরোবে প্রতিমা?

Spread the love


চন্দননগর: উৎসবের শেষ পর্বেও বাধ সাধল প্রকৃতি। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট। আবহাওয়ার এই পরিস্থিতিতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিয়ে বেরনোর বহু…

চন্দননগর: উৎসবের শেষ পর্বেও বাধ সাধল প্রকৃতি। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট। আবহাওয়ার এই পরিস্থিতিতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিয়ে বেরনোর বহু প্রতীক্ষিত আয়োজন আপাতত স্থগিত রাখা হয়েছে। দশমীর বদলে আগামী ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যায় শহরের পথে নামবে প্রতিমার শোভাযাত্রা। আয়োজকদের বক্তব্য, উৎসবের আনন্দের চেয়ে মানুষের সুরক্ষাকে বেশি গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ হল প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন বারোয়ারির প্রতিমার পাশাপাশি চোখে পড়ে নজরকাড়া আলোকসজ্জা এবং সাজানো গাড়ি। কিন্তু এবার দশমীর সকাল থেকেই বৃষ্টির দাপটে সেই আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে বিদ্যুতের তার ও আলোর সরঞ্জাম ভিজে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। সেই পরিস্থিতিতে নির্ধারিত দিনে অনুষ্ঠান আয়োজন করা সমীচীন হবে না বলেই মনে করেন উদ্যোক্তারা।

বিষয়টি নিয়ে দশমীর সকালে জরুরি আলোচনায় বসে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটি। অধীনস্থ ১৮০টি বারোয়ারির প্রতিনিধিদের মতামত নেওয়ার পর দিন বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। স্থির হয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে শনিবার দিনের বেলায় কয়েকটি বারোয়ারি নিজেদের মতো করে প্রতিমা গঙ্গায় বিসর্জন দিতে পারবে। তবে কেন্দ্রীয় শোভাযাত্রার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, ২২ নভেম্বরই হবে শোভাযাত্রা। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউয়ের কথায়, অল্প সময়ের মধ্যে সব বারোয়ারিকে আলোচনায় সামিল করা হয়েছিল। যৌথ মতামতের ভিত্তিতেই দিন পরিবর্তন করা হয়েছে।

উৎসবের দিন বাড়ায় আর্থিক চাপও বাড়তে পারে পুজো উদ্যোক্তাদের। আলোকসজ্জা ও অন্যান্য ব্যবস্থাপনা ধরে রাখার জন্য অতিরিক্ত খরচের আশঙ্কা রয়েছে। তাই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির কাছে বিলে আরও কিছুটা সুবিধা দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বছর বিদ্যুতের বিলের ৪০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, রাস্তার সাজানো আলোর গেট খুলে ফেলার পরেও যাতে অন্ধকার না নামে, তার জন্য প্রয়োজনীয় আলোর ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। মণ্ডপে প্রতিমা আরও দু’দিন রাখা হবে বলে সেখানেও আলোর বন্দোবস্ত বজায় রাখতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার নজরদারিও চালু রাখার পরিকল্পনা রয়েছে।

প্রয়াত ‘লেবুবাবু’, গনি খান চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে শোক রাজনৈতিক মহলে

ইন্দ্রনীলের পর বিপাকে ব্রাত্য! দায়ের জিরো এফআইআর, বাগুইআটি থানায় অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *