কন্যাসন্তান রক্ষায় বিশেষ উদ্যোগ
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার উদ্বোধন হলো ‘সেলফি উইথ ডটার’ জ়োনের। কন্যাসন্তান নিয়ে সচেতনতা বাড়াতে এই জ়োন তৈরি করা হয়েছে। এটির উদ্বোধন করলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। বীরভূম জেলার সমস্ত হাসপাতালের প্রসূতি বিভাগে এই জ়োন খোলা হয়েছে। এটি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের একটি অংশ। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক-সহ প্রশাসনিক কর্তারা। অনুষ্ঠানে সদ্যোজাত কন্যাসন্তানদের মা-বাবাকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সরঞ্জাম। কন্যাসন্তান রক্ষার শপথও নেওয়া হয়। জেলাশাসক ধবল জৈন বলেন, ‘মেয়ের বাবা হয়ে গর্ব বোধ করি, তাই এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন।’