আওয়ামী লিগের লকডাউন রুখতে ময়দানে বিএনপি, ৮ দফা নির্দেশিকা জারি - 24 Ghanta Bangla News
Home

আওয়ামী লিগের লকডাউন রুখতে ময়দানে বিএনপি, ৮ দফা নির্দেশিকা জারি

Spread the love


ঢাকা: আওয়ামী লিগের ডাকা দেশজোড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা বাড়ছে বাংলাদেশে। ১৯ নভেম্বরের এই কর্মসূচি ঘিরে ঢাকা-সহ দেশের একাধিক এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে।…

ঢাকা: আওয়ামী লিগের ডাকা দেশজোড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা বাড়ছে বাংলাদেশে। ১৯ নভেম্বরের এই কর্মসূচি ঘিরে ঢাকা-সহ দেশের একাধিক এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সূত্রের খবর, আওয়ামী লিগের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিতে পারেন, এমন ১২৭ জন রাজনীতিকের একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি। একই সঙ্গে রাজনৈতিক মোকাবিলায় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলির নেতা-কর্মীদেরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লকডাউনের আগের রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি সামনে এসেছে। কোথাও গাড়িতে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িও অগ্নিসংযোগের হাত থেকে রেহাই পায়নি। গতকাল রাতে চারটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কয়েকজন আওয়ামী লিগ নেতার বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন।

এরই মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরেই দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই ঘোষণার পর রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আশঙ্কা করছেন বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, আওয়ামী লিগের রাজনৈতিক সক্রিয়তা বাড়লে বিএনপি এবং তাদের শরিক দলগুলির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক আট দফা নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় জুলাই আন্দোলনের সময়কার শরিক দলগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনার কথা বলা হয়েছে। সরকারি স্থাপত্য ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাজনৈতিক শাখার উপসচিব কেএম ইয়াসমিন আরাফাতের স্বাক্ষরিত নির্দেশিকাটি দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। সেই নির্দেশ মেনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। তবে লকডাউন ঘিরে হিংসা কতটা ছড়ায়, এখন সেদিকেই নজর বাংলাদেশের।

বাংলাদেশে ফের অশান্তি, হাসিনার প্রত্যাবর্তনের আগে ১৯ নভেম্বর দেশজুড়ে বন্‌ধের ডাক

চিন্ময়কৃষ্ণের জেলবদল, সঙ্গে গেলেন না সাত্ত্বিক খাবার রান্নার সহকারী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *