Stray Cattle: রাস্তায় গবাদি গরু-মোষ ঘুরে বেড়ালে জেল হবে মালিকের, পুরসভাকে কড়া নির্দেশ হাইকোর্টের | Roads are for People & Vehicles, Madras High Court Order Action Against Stray Cattle, Asks Municipality to Catch Cattles - 24 Ghanta Bangla News
Home

Stray Cattle: রাস্তায় গবাদি গরু-মোষ ঘুরে বেড়ালে জেল হবে মালিকের, পুরসভাকে কড়া নির্দেশ হাইকোর্টের | Roads are for People & Vehicles, Madras High Court Order Action Against Stray Cattle, Asks Municipality to Catch Cattles

Spread the love

চেন্নাই: রাস্তা জনগণ ও গাড়ির চলাচলের জন্য, পশুপালকদের কোনও অধিকার নেই পশুদের সাধারণ মানুষের চলার রাস্তায় ছেড়ে দিতে পারেন না। কড়া নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। আদালতের সাফ কথা, মানুষের জীবন বিপন্ন করা বা ট্রাফিক চলাচল ব্যাহত করে গবাদি পশু চারণ করতে পারে না।

রাস্তা দখল করে ঘুরে বেড়ানো বা রাস্তার ধারে বেঁধে রাখা গবাদি পশু নিয়ে কড়া নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। মঙ্গলবার আদালত নির্দেশ দেয়, তামিলনাড়ুর সমস্ত পুরসভা এলাকায় রাস্তায় ঘুরে বেড়ানো গরু ধরতে হবে। বারবার গরু রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে হবে। বিচারপতির বেঞ্চ বলে, “জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করে রাস্তায় গবাদি পশু চড়াতে দেওয়ার কোনও অধিকার মালিকদের নেই।”

আদালতের বক্তব্য, “জনসাধারণ ও যানবাহনের নিরাপদ চলাচলের জন্যই রাস্তা তৈরি। কোনও গবাদি পশুর মালিক তাঁর পশুকে রাস্তায় অবাধে ঘুরতে দিতে পারেন না। এতে মানুষের জীবন বিপন্ন হয় এবং যান চলাচল ব্যাহত হয়।”

কী নিয়ে মামলা?

থিরুভেরকাডু পুরসভা এলাকায় রাস্তায় ঘুরে বেড়ানো গরু নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় আদালত। মামলাটি করেছিলেন আইনজীবী এম কামেশ। আদালতে আবেদনকারী জানান, থিরুভেরকাডু এলাকায় প্রায়ই রাস্তায় গবাদি পশু ঘুরে বেড়ায়। এর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বিশেষ করে রাতে কম আলোয় রাস্তায় শুয়ে থাকা গরুর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।এমনকী, গরুর গোবরের কারণে দুই-চাকার গাড়ির চালকরা পিছলে পড়েন বলেও অভিযোগ করা হয়। পথচারীদের গরু আক্রমণ করার পাশাপাশি সবজি দোকানে রাখা জিনিসপত্র নষ্ট করার অভিযোগও আদালতের সামনে তুলে ধরা হয়।

কী নির্দেশ আদালতের?

আদালত নির্দেশ দিয়েছে, পুরসভা এলাকার প্রতিটি গবাদি পশুর মালিককে বৈধ লাইসেন্স নিতে হবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি পশুকে ট্যাগ দিতে হবে, যাতে সহজেই মালিককে শনাক্ত করা যায়। রাস্তায় ঘুরে বেড়ানো বা রাস্তার উপর বেঁধে রাখা গবাদি পশু ধরতে দিন ও রাত—দুই সময়েই নিয়মিত অভিযান চালাতে হবে।

পাশাপাশি নির্দেশে বলা হয়েছে, গরু ধরার অভিযানে পুরসভা কর্মীদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিতে হবে।
গরুর মালিকরা যাতে পুরসভা কর্মীদের কাজে বাধা দিতে বা হুমকি দিতে না পারেন, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। আটক করা পশু ছাড়ার আগে নির্ধারিত রক্ষণাবেক্ষণ খরচ ও জরিমানাও আদায় করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আরও বলা হয়েছে, মালিক না পাওয়া গেলে আইন অনুযায়ী সেই গবাদি পশু নিলাম করতে হবে অথবা স্বীকৃত গোশালায় পাঠাতে হবে। বারবার গরু রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে।

আদালত স্পষ্ট করে দিয়েছে, এই নির্দেশ শুধু একটি পুরসভায় সীমাবদ্ধ থাকবে না। তামিলনাড়ুর সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুরসভা, টাউন পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় তা কার্যকর করতে হবে।

সাজা ও জরিমানার বিধান

রাজ্য সরকার আদালতকে জানিয়েছিল, ১৯৯৭ সালের তামিলনাড়ু পশু ও পাখি (নিয়ন্ত্রণ ও নির্দেশিকা) আইন অনুযায়ী রাস্তায় ঘুরে বেড়ানো বা লাইসেন্স-বিহীন গবাদি পশু আটক করার ব্যবস্থা রয়েছে। আইন খতিয়ে দেখে আদালত জানিয়েছে, আটক করার ৪৮ ঘণ্টার মধ্যে মালিক দাবি না করলে, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে পশু নিলাম করা যেতে পারে। এই আইনের অধীনে নিয়ম ভাঙলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

আদালত আরও নির্দেশ দিয়েছে, স্থানীয় প্রশাসনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে গবাদি পশুর মালিকদের সতর্ক করতে হবে। সাধারণ মানুষকে জানাতে হবে, রাস্তায় গরু ছেড়ে দিলে জরিমানা এবং পশু আটক করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, থিরুভেরকাডু পুরসভা ২০২৪ সালের ডিসেম্বরে একটি প্রস্তাব পাশ করেছিল। সেখানে বেসরকারি সংস্থার মাধ্যমে রাস্তায় ঘুরে বেড়ানো গরু ধরার পাশাপাশি প্রথমবারের অপরাধে ২,০০০ টাকা এবং পরবর্তী অপরাধে ৫,০০০ টাকা জরিমানার প্রস্তাব ছিল। তবে আদালত জানিয়েছে, শুধু পুরসভা প্রস্তাব পাশ করলেই হবে না, সেটি বাস্তবে কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *