Sai Pallavi: একঢাল লম্বা চুল ঘ্যাঁচ করে কেটে ফেললেন! কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন পর্দার ‘সীতা’ সাই পল্লবী? | Sai Pallavi, Ramayana’s Sita, Cuts Hair Short for IPS Role, Mother Hangs Up Call
একমুখ মিষ্টি হাসি আর কোমর পর্যন্ত লম্বা একঢাল কালো চুল ছাড়া সাই পল্লবী (Sai Pallavi)-কে কল্পনাই করতে পারেন না তাঁর ভক্তরা । সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে ‘সীতা’ চরিত্রে তাঁর স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু সেই সীতা রূপী সাইয়ের সুন্দর চুলে যদি আচমকা কেউ কাঁচি চালায়? ঠিক এমনটাই ঘটেছে! পর্দার শান্তশিষ্ট ‘সীতা’ তাঁর সেই বিখ্যাত লম্বা চুল একেবারে ছোট করে কেটে ফেলেছেন। আর তাঁর এই কাণ্ড দেখে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন খোদ অভিনেত্রীর মা।
কেন এই সিদ্ধান্ত নিলেন পর্দার ‘সীতা’?
নতুন ছবি ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’-এ অভিনয় করছেন সাই পল্লবী। এই ছবিতে আর শান্ত সীতা নন, তিনি এক দাপুটে আইপিএস অফিসার। চরিত্রের নাম নিত্যা রেড্ডী। এই চরিত্রটির জন্য পরিচালক রাজকুমার পেরিয়াসামি তাঁকে বাস্তবের এক পুলিশ অফিসার মেরিন জোসেফের ছবি দেখান। তাঁর মতোই একদম ছোট চুলের লুক দরকার ছিল এই ছবিতে। পরিচালকের কথা রাখতেই নিজের সাধের লম্বা চুল কাটতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।
নতুন হেয়ারকাট করার পর মাকে চমকে দেবেন ভেবেছিলেন সাই। তাই সোজা একটা ভিডিয়ো কল করে বসেন। কিন্তু কোথায় কী! স্ক্রিনে মেয়ের ওই বয়কাট চেহারা দেখে মা তো রীতিমতো থ! কোনও কথা না বলেই আচমকা মুখের ওপর ফোন কেটে দেন তিনি।
মায়ের পর আসে বাবার ফোন কল। তিনি তো মেয়ের কাণ্ড দেখে বুঝতেই পারছিলেন না যে, এটা আসল চুল নাকি পরচুলা! অবাক হয়ে মেয়েকে তিনি প্রশ্ন করেন, “তুমি কি পরচুলা পরেছ?” তখন অভিনেত্রী বাবা-মাকে বুঝিয়ে বলেন যে, ছবির চরিত্রের জন্যই তাঁর এই নতুন সাজ।
সাই জানিয়েছেন, এমনিতে চুল কাটতে তাঁর একেবারেই মন চায় না। কিন্তু কাজের প্রতি তাঁর টান বরাবরই প্রবল। তাই চরিত্রের প্রয়োজনে এই বড় বদলটা তিনি হাসিমুখেই মেনে নিয়েছেন। এই অ্যাকশন-থ্রিলার ছবিতে সাইয়ের সঙ্গে পর্দা কাঁপাতে আসছেন ধনুষ, মামুট্টি এবং শ্রীলীলার মতো তারকারা। আগামী ২০ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই বহু চর্চিত ছবি।