OBC Cast certificate news: নিয়োগের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নিয়ে এল নতুন নির্দেশিকা | Wbssc new guidelines obc ews certificate validity slst recruitment 2026
কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় আপডেটImage Credit: Tv9 Bangla
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ প্রক্রিয়ায় OBC ও EWS সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল। নিয়োগপ্রার্থীদের মধ্যে এই দুই ধরনের শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এই পদক্ষেপ। ২য় SLST (IX-X ও XI-XII) এবং ১ম SLST (NTS) নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এই সংক্রান্ত অফিস মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, OBC-A এবং OBC-B শ্রেণির যে সমস্ত শংসাপত্র ১৮ মে ২০২৬ তারিখের আগে ইস্যু করা হয়েছে, সেগুলি নিয়োগের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। অর্থাৎ, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নতুন করে OBC সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ১৮ মে ২০২৬ তারিখে প্রকাশিত 945-BCW/MR-23/2026 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে নতুন শংসাপত্র নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। বিশেষ করে নথি যাচাই, ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের আগেই এই কাজ সেরে রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে, EWS সার্টিফিকেটের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে WBSSC। ২য় SLST (AT) ২০২৫-এর ক্ষেত্রে ডিজিটালি স্বাক্ষরিত EWS সার্টিফিকেটের কার্যকর হওয়ার তারিখ ১ এপ্রিল ২০২৫ থেকে ১২ আগস্ট ২০২৫-এর মধ্যে হতে হবে। ১ম SLST (NTS) ২০২৫-এর ক্ষেত্রে এই সময়সীমা ১ এপ্রিল ২০২৫ থেকে ১২ ডিসেম্বর ২০২৫।
কমিশন জানিয়েছে, নথি যাচাই, কাউন্সেলিং এবং চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় এই নির্দেশিকা মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই নিয়োগপ্রার্থীদের সার্টিফিকেটের তারিখ ও বৈধতা ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।