Kolkata Metro: এগোচ্ছে না, পিছোচ্ছেও না! জোরে ঝাঁকুনি দিয়ে ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়ল মেট্রো! চরম আতঙ্কে যাত্রীরা, ঠিক কী হল? | Kolkata Metro: Metro Rake Stuck inside Tunnel between Shyambazar Belgachia for 20 minutes, Panic among Passengers
কলকাতা: মেট্রোয় আতঙ্ক। ফের সুড়ঙ্গের ভিতরে আটকে পড়ল মেট্রো। যান্ত্রিক ত্রুটির কারণে দক্ষিণেশ্বরগামী আপ মেট্রোর একটি রেক আজ সন্ধ্যায় শ্যামবাজার থেকে বেলগাছিয়া যাওয়ার সময়, মাঝ সুড়ঙ্গে আটকে পড়ে।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রায় ১০ থেকে ১৫ মিনিট সুড়ঙ্গের ভিতরে আটকে ছিল মেট্রো। কলকাতা মেট্রো সূত্রে খবর, শ্যামবাজার থেকে মেট্রোর রেকটি যাত্রীদের নিয়ে বের হয়ে বেলগাছিয়ার দিকে যাচ্ছিল। আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক এমার্জেন্সি ব্রেক কষেন। তীব্র ঝাঁকুনি দিয়ে মেট্রো রেকটি দাঁড়িয়ে যায় সুড়ঙ্গের ভিতরে।
ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গ, তার মধ্যে আটকে যাত্রী ভর্তি মেট্রো! এভাবেই দীর্ঘক্ষণ মেট্রোটি দাঁড়িয়ে থাকে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে, বারবার মেট্রো রেকের ভেতরে ঘোষণা হয়, আতঙ্কিত না হওয়ার জন্য। যাত্রীদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়েছে, সেই জন্য দাঁড়িয়ে আছে মেট্রো।
শেষ অবধি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, যান্ত্রিক গোলযোগ মিটলে অবশেষে মেট্রো রেকটি সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে পৌঁছয়। এরপরে ওই মেট্রোই সম্পূর্ণ স্বাভাবিকভাবে দক্ষিণেশ্বর অবধি যায়। ঠিক কী যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা জানা যায়নি।