Indian Army News: ‘বলেছিলাম, তোমার পুরো জীবন পড়ে আছে’,বাহিনীর আত্মসমর্পণের কথা কানে না তুলে লুকিয়ে ছিল মসজিদে, গুলিতে ঝাঁঝরা জঙ্গি লতিফ | One militant died in Jammu and Kashmir by security forces
নয়া দিল্লি: কুলগামে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি লতিফ ভাটকে খতম করল যৌথ বাহিনী। বুধবার সকাল থেকেই শুরু হয় সেনা জঙ্গির গুলির লড়াই। যৌথ বাহিনী আগেই ভিডিয়ো কল করে নির্দেশ দিয়েছিল,যাতে লতিফ আত্মসমর্পণ করে। কিন্তু সে কথা কানে তোলেনি। শেষে যা হওয়ার ছিল সেইটাই হল। মসজিদে গিয়ে লুকিয়ে থাকার পরও হল না লাভ। গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তৈবার কমান্ডর লতিফ ভাট।
গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত লতিফ ভাট। ওই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। তারপর থেকেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী। বুধবার ভোরে কুলগামের একাধিক গ্রামে নতুন করে তল্লাশি ও ঘিরে ফেলার অভিযান চালানো হয়। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এর আগে সোমবার কুলগামের একটি সংঘর্ষে নিহত হন লতিফ ভাটের সহযোগী উমর নিসার দার। মঙ্গলবার ওই দু’জনের গতিবিধির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, সিআরপিএফের চেকপোস্টে হামলার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেইকি করেছিল তারা।
আজ সকালে বাহিনী ভিডিয়ো কল করে জঙ্গিকে। বলা হয়, “আমরা তোমার পাশেই আছি।” নির্দেশ দেওয়া হয় আত্মসমর্পণের। তাতে রাজি না হয়ে ওই জঙ্গি মসজিদে লুকিয়ে পড়ে। এরপর ফের শুরু হয় অ্যাকশন। এরপরই নিকেশ হয় সে।
ভারতীয় সেনা সূত্রে খবর, লতিফ যে এলাকায় নিজের দল বানাচ্ছিল, প্রথম সেই জায়গা ভারতীয় সেনা ঘিরে ফেলে। এরপর প্রত্যন্ত অঞ্চলগুলি আধা সেনা ও জম্মু পুলিশ এলাকা ঘিরে ফেল। এরপর শুরু হয় গুলির লড়াই। তখনই নিকেশ হয় ওই জঙ্গি। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় ড্রোন ওড়ানো হচ্ছে।
এসএসপি কুলগাম, আনায়াত আলি বলেন, “আমার সঙ্গে অনেকক্ষণ ওই লতিফের কথা হয়েছে। চেষ্টা করেছিলাম যাতে ওকে আত্মসমর্পণ করানো যায়। এটাও বলা হয়েছিল যে এখনও তোমার বয়স আছে। পুরো জীবনটা পড়ে আছে। কিন্তু রাজি হয়নি। এরপর মসজিদে লুকিয়ে পড়ে। তারপর ফের আমরা আত্মসমর্পণের কথা বলি, তাও শোনেনি। শেষে গুলি চালাতে হয়।”