ঐতিহ্যে বদল, শিয়ালদহের লরেটো ডে স্কুলে ভর্তি হতে পারবে ছেলেরাও, কবে থেকে?
লরেটো ডে স্কুলে এতদিন শুধু মেয়েরাই ভর্তি হতে পারত। এ বার বদলাতে চলেছে পুরোনো ঐতিহ্য়। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সেখানে ভর্তি হতে পারবে ছেলেরাও। তবে শুধু মাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণিতেই। কলকাতায় লরেটো স্কুলগুলির মধ্যে শুধু শিয়ালদহতেই উচ্চমাধ্যমিক স্তরে ‘কো-এড’ এডুকেশন চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।
সেটা ইংরেজ আমল। কলকাতা-সহ সারা দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলছে। সেই সময়েই বাংলার নারী শিক্ষার প্রসারে চালু হয় শিয়ালদহ লরেটো ডে স্কুল। ধীরে ধীরে সময় বদলেছে। বদলেছে সমাজের চাহিদাও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় বদল আনা প্রয়োজন বলে মনে করেন লরেটো ডে স্কুল শিয়ালদহের অধ্যক্ষা বৈশাখী মণ্ডল।
কো-এড চালু করার পিছনে প্রগতিশীল সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন অধ্যক্ষা। তবে মেয়েদের শিক্ষাদানের ঐতিহ্য থেকে যে লরেটো সরে আসছে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এত দিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম মেনে পড়াশোনা হতো শিয়ালদহের লরেটো ডে স্কুলে। সম্প্রতি CISCE-র অনুমোদন পাওয়ায় ২০২৮-এ প্রথমবার ICSE পরীক্ষায় বসবে এখানকার পড়ুয়ারা। ওই বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কো-এড এডুকেশন চালুর পরিকল্পনা নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।
এর আগে ১১৪ বছরের পুরোনো লরেটো কলেজও চালু হয়েছে কো-এড এডুকেশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) থেকে স্বশাসিত প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পরে আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে ভর্তি হতে পারবে ছেলেরাও।