IND vs PAK: খেলার মাঠেও সার্জিকাল স্ট্রাইক, ইস্ট-মোহন যুগলবন্দীতে পাক বধ ভারতের | Pakistan Heartbroken In Dhaka As India Lift 10th SAFF Championship Trophy
ঢাকা: দুরন্ত কামব্যাক! একদিকে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগান – দুই দলের খেলোয়াড়দের গোলে পাকিস্তান বধ করে জিতল ভারত। ১-০ পিছিয়ে থেকে ১-২ জিতে দশম বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত ভারতের জয়ের পথ সহজ করে দেয় পাক ফুটবলার জুনায়েদ শাহের লাল কার্ড।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ভারত। কারণ, এটি ভারতের দ্বিতীয় সারির দল ও পাকিস্তানের সেরা দল। প্রথমার্ধে অভিষেক সূর্যবংশীর দুরন্ত শট আটকে দেন পাক কিপার ইউসুফ বাট। শারীরিক সক্ষমতা হোক বা টেকনিক্যাল দক্ষতা – সবদিকেই এগিয়ে ছিল পাকিস্তান। তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজী। ডান দিক থেকে জুনাইদ শাহের বাড়ানো ক্রস পান আলমগীর। বক্সের বাঁ দিক থেকে তাঁর বাঁকানো শট ভারতের গোলরক্ষক অর্শ আনোয়ার শেখকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। বিরতিতে ১-০ এগিয়ে থাকে পাকিস্তান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত। বিরতির পর মাঠে নামেন ম্যাকার্টন নিকসন। তাঁর পাস থেকেই সুযোগ পান পিভি বিষ্ণু। কিন্তু তাঁর দুর্বল শট আটকে দেন পাক গোলকিপার ইউসুফ। ম্যাচের ৬১ মিনিটে ব্রাইসন ফার্নান্দেজকে বিপজ্জনক ফাউল করেন জুনায়েদ শাহ। প্রথমে রেফারি ফ্রি-কিক দিলেও লাল কার্ড দেখাননি। পরে ভার রিভিউ দেখে লাল কার্ড দেওয়া হয় জুনায়েদকে।
১০ জনের পাকিস্তানকে পেয়ে তেতে ওঠে ভারত। লুংডিমের ক্রস ম্যাকার্টনের গায়ে লেগে পৌঁছে যায় সুহেলের কাছে। ঠান্ডা মাথায় বল জালে পাঠান মোহনবাগানের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এই নিয়ে ৪ নম্বর গোল করলেন সুহেল। ৮৮ মিনিটে আবার গোল করে ভারত। আব্দুল রবির কর্নার থেকে হেড করে গোল করে যান সন্দীপ মান্ডি। এই গোলের ফলে ২-১ এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ২-১ ফলেই জেতে ভারত।
২০২৩ থেকে মোহনবাগানে খেলছেন সুহেল। তিন মরসুম মিলিয়ে ইতিমধ্যে ৭৫ ম্যাচে ২৯ গোল হয়ে গিয়েছে তাঁর। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের এক গুরুত্বপূর্ণ সদস্য সন্দীপ মান্ডি। আজ গোল পেলেন তিনিও। তাঁরই জয়সূচক গোলে পাকিস্তানের উপর সার্জিকাল স্ট্রাইক করল ভারত। এর ফলে ১০ম বারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। আর সেই জয়ে স্মরণীয় অবদান দিলেন ইস্ট-মোহন – দুই প্রধানের দুই খেলোয়াড়।