Bigg Boss Bangla: ‘তুই এবার দেখবি POWER…’ নিরঞ্জনের হুমকি, ওদিকে লাফটারসেনকে চেনেনই না রাজবীর! | Niranjan rajveer using laughter sen youtube channel name ticket to finale
রিয়েলিটি শোয়ের অন্দরে সম্পর্কের সমীকরণ বদলাতে এক মুহূর্তও সময় লাগে না। আজ যে বন্ধু, কাল তিনিই হয়তো সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী! ‘বিগ বস’-এর ঘরে এই চিরন্তন সত্যটি ফের একবার প্রমাণিত হল। গত কয়েক দিন ধরে যেখানে রাজবীর ও নিরঞ্জনের গভীর বন্ধুত্বের রসায়ন নজর কাড়ছিল দর্শকদের, সেখানেই এল বড়সড় ছন্দপতন। ‘টিকিট টু ফিনালে’ (Ticket to Finale)-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাস্কে রাজবীরের ভূমিকা মেনে নিতে পারেননি নিরঞ্জন। আর তাতেই ফুঁসে উঠে সতীর্থের দিকে ছুঁড়ে দিলেন কড়া হুঁশিয়ারি!
‘টিকিট টু ফিনালে’ পাওয়ার লড়াইয়ে তখন টানটান উত্তেজনা ঘরের অন্দরে। সেই খেলায় রাজবীরের পারফরম্যান্স দেখে বেজায় চটে যান নিরঞ্জন। মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই রাজবীরকে উদ্দেশ করে চড়া গলায় তিনি হুমকি দিয়ে বলেন, “এবার লাফটারসেনের পাওয়ার দেখবি! পুরো বাংলা তোকে দেখাবে! যা ক্যামেরার সামনে চিৎকার করে বললাম, দেখে নিস!” এই বলেই রাগের চোটে ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি।
হঠাৎ এমন আচমকা আক্রমণে হতবাক হয়ে যান রাজবীর। কিছুদিন আগেও যাঁর সঙ্গে হাসি-মজা আর শলাপরামর্শে দিন কাটছিল, তাঁর এমন রূপ দেখে প্রথমে কিছুই বুঝতে পারেননি তিনি। বিশেষ করে নিরঞ্জনের বলা ‘লাফটারসেন’ শব্দটির অর্থ ও তার পেছনের ইঙ্গিত তখন তাঁর মাথার ওপর দিয়ে যাচ্ছিল।
বিষয়টি পরিষ্কার করতে এরপরেই জীতুর শরণাপন্ন হন রাজবীর। জানতে চান, ‘লাফটারসেন’ আসলে কী। জবাবে জিতু বুঝিয়ে দেন যে এটি আর কিছুই নয়, খোদ নিরঞ্জনেরই একটি অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম। মূলত নিজের সোশাল মিডিয়া ফ্যানবেস ও অনুগামীদের শক্তির কথা মনে করিয়ে দিয়েই রাজবীরকে পরোক্ষভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন নিরঞ্জন। জীতু এও জানান যে এই বিষয়ে ‘দাদা’ শেষ পর্যন্ত কী বলবেন, তা তাঁর জানা নেই।
সবটা শোনার পর চরম বিস্ময় প্রকাশ করেন রাজবীর। তিনি সাফ জানান, এই নামের সঙ্গে যে নিরঞ্জনের ইউটিউব চ্যানেল জড়িয়ে রয়েছে, তা তাঁর বিন্দুমাত্র ধারণায় ছিল না। অন্যদিকে, গোটা ঘটনায় রাজবীরের পাশে দাঁড়িয়ে মুখ খোলেন সৃজলাও। তাঁর স্পষ্ট মত, প্রতিপক্ষকে ঘায়েল করতে এভাবে ইউটিউব চ্যানেল বা ফ্যানবেসের নাম টেনে আনা নিরঞ্জনের অতিরিক্ত আত্মবিশ্বাসেরই পরিচয়। তবে উত্তপ্ত পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে রাজবীর নিজের অবস্থান শান্তভাবেই বজায় রাখেন।
‘টিকিট টু ফিনালে’র এই লড়াই যে এখন কেবল খেলায় সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গেছে ব্যক্তিগত সমীকরণ ও অহমের লড়াইয়ে, তা পরিষ্কার। নিরঞ্জনের এই হুঙ্কার ও ‘লাফটারসেন’ তত্ত্বের পর বিগ বসের ঘরে এই দুই তারকার সম্পর্ক কোন মোড় নেয়, এখন সেটাই দেখার!