Bankura: দেবলোকে চাকরির খবর পৌঁছে দেবেন তিনিই, বিশ্বাস করেন ওঁরা, হাতেনাতে মিলেছে ফলও! ১৩ বছর ধরে চলা এই দেবর্ষির মাহাত্ম্য ছড়িয়েছে গোটা বাংলায় | Unique narad puja in bankura villagers worship sage narad seeking employment
বাঁকুড়া: দেবর্ষি নারদকে মূলত স্বর্গ ও মর্ত্যের বার্তা বাহক হিসেবেই সকলে চেনেন। কিন্তু বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে খোদ নারদ মুনিকেই পুজো করার এক অভিনব বিশ্বাস গড়ে উঠেছে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রামে। দেবলোকে খবর পৌঁছে গ্রামের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নারদ—এই অটুট বিশ্বাসেই আজ থেকে প্রায় ১৩ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল নারদের পুজো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই বিশ্বাস যেমন গাঢ় হয়েছে, তেমনই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এই পুজোর পরিধি ও জাঁকজমক। ছোট আকারে শুরু হওয়া এই নারদ পুজো আজ পশ্চিম রতনপুর গ্রামের গণ্ডি ছাড়িয়ে গোটা এলাকার পাঁচ দিনব্যাপী এক প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
দুর্গা, কালী, শিব, লক্ষ্মী, গনেশ, কার্তিক সহ ৩৩ কোটি হিন্দু দেবদেবীর ভিড়ে নারদের সগর্ব উপস্থিতি মাঝেমধ্যে চোখে পড়লেও পৃথকভাবে নারদের পুজো সেভাবে হয় না প্রায় কোথাও। আর এখানেই ব্যতিক্রম বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রাম। প্রায় দেড় দশক আগে গ্রামে ক্রমবর্ধমান শিক্ষিত বেকারদের বেকারত্বের যন্ত্রণার খবর বার্তাবাহক নারদকে দিয়ে স্বর্গলোকে পাঠাতে পারলেই হতে পারে হিল্লে এই আশায় গ্রামের বেকার যুবকেরা শুরু করেছিলেন দেবর্ষির পুজো।

নারদের প্রতিমা গড়ে ছোট আকারে গ্রামে মাঠে শুরু হয়েছিল পুজো। সেই পুজোতে নারদ তুষ্ট হয়ে দেবলোকে খবর পৌঁছেছিলেন কিনা জানা নেই, তবে গ্রামের বেকারদের একটা বড় অংশের কর্মসংস্থান জুটেছিল। আর তাতেই দেবর্ষির উপর বিশ্বাস গাঢ় হতে শুরু করে পশ্চিম রতনপুর গ্রামের মানুষের। বাড়তে থাকে পুজোর বহরও। বর্তমানে আর শুধু নারদের মূর্তি গড়ে নমো নমো করে পুজো অর্চনা নয়, এই পুজোকে ঘিরে বাঁকুড়ার এই ছোট্ট গ্রাম এখন মেতে ওঠে ৫ দিনের নারদ উৎসবে।
যাত্রাপালা থেকে শুরু করে পুতুলনাচ, জমজমাট মেলা ও বাহারি আলোর কারিকুরি থেকে শুরু করে বিসর্জনের শোভাযাত্রা সব মিলিয়ে আশপাশের ৮ থেকে ১০ টি গ্রামের মানুষের কাছে এই ৫ টি দিন অন্যতম আকর্ষণীয় ডেস্টিনেশান হয়ে ওঠে পশ্চিম রতনপুরের মাঠ।