Balurghat News: ৩০ ঘণ্টা জল নেই, বাথরুমে গিয়ে জল পর্যন্ত দিতে পারছে না, গন্ধে অতিষ্ঠ সরকারি হাসপাতালের রোগীরা | No water for 30 hours, patients at government hospital sickened by smell - 24 Ghanta Bangla News
Home

Balurghat News: ৩০ ঘণ্টা জল নেই, বাথরুমে গিয়ে জল পর্যন্ত দিতে পারছে না, গন্ধে অতিষ্ঠ সরকারি হাসপাতালের রোগীরা | No water for 30 hours, patients at government hospital sickened by smell

Spread the love

বালুরঘাট: হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা চলছে। অথচ চিকিৎসার পর হাত ধোয়ার জলটুকুও মিলছে না স্বাস্থ্যকর্মীদের। এমনকী, শৌচকর্ম করার পর বাথরুমে জল পর্যন্ত দিতে পারছে না। শৌচালয়ে জল না থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও তাঁদের পরিজনেরা। প্রায় ৩০ ঘণ্টা(সোমবার সকাল) ধরে পিএইচই-র জলের মেশিন বিকল হয়ে থাকায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনে। মঙ্গলবার সকাল থেকে জলকষ্ট চরমে ওঠায় দুর্ভোগে পড়েছেন রোগী, তাঁদের আত্মীয়স্বজন থেকে স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফে দু’দিনে মোট ন’টি জলের ট্যাঙ্ক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ট্যাঙ্ক পাঠানোর আশ্বাস দিয়েছে পুরসভা। তবে মঙ্গলবার রাতে দুটি মেশিনের মধ্যে একটা সারাই করা গেলেও একটা এখনো সারাই করা যায়নি। যার ফলে ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। রাতের মধ্যে বাকি একটি মেশিন চালু হয়ে যাবে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।

বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো তিনতলা ভবনে রয়েছে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, ডায়ালিসিস এবং সিসিইউ-র মতো গুরুত্বপূর্ণ বিভাগ। প্রতিদিন শতাধিক রোগী সেখানে ভর্তি থাকেন। বিশেষ করে পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকে। ফলে দীর্ঘক্ষণ জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যাও বেড়েছে কয়েক গুণ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ হাসপাতাল চত্বরে থাকা পিএইচই-র জলের দুটি মেশিনটি বিকল হয়ে যায়। মেশিনের কয়েল পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় জল সরবরাহ। প্রথমে স্থানীয় মেকানিককে দিয়ে মেশিন সারানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় মালদা থেকে বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে মালদার টেকনিশিয়ানরা মেশিন সারাইয়ের কাজ শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তা স্বাভাবিক করা সম্ভব হয়নি। মেশিন মেরামতির পর ট্রায়াল দিয়ে দেখে তবেই জল সরবরাহ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

জলের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মেডিসিন ওয়ার্ডের রোগীরা। শৌচালয়ে জল না থাকায় তা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। জমে থাকা নোংরা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। একইসঙ্গে রোগীদের পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এক রোগীর চিকিৎসার পর হাত ধোয়ার জন্য পর্যাপ্ত জল না মেলায় স্বাস্থ্যবিধি বজায় রাখা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পুরনো ভবনের পাশাপাশি নার্সিং ট্রেনিং স্কুল, ডাক্তার কোয়ার্টার ও মানসিক বিভাগেও জল সমস্যা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *