Amitabh Bachchan: মদ্যপান করে ‘শরাবি’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ? আসল সত্যিটা ফাঁস করলেন বিগ বি

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) স্ক্রিনে এলেই ম্যাজিক! চোখ ফেরানোর উপায় আছে নাকি? বিশেষ করে ১৯৮৪ সালে রিলিজ করা ব্লকবাস্টার ছবি ‘শরাবি’-র কথা একবার ভাবুন তো। এই ছবির নাম শুনলেই আজও চোখের সামনে ভেসে ওঠে তাঁর সেই আইকনিক মাতাল অবতার। এত নিখুঁত, এত রিয়েলিস্টিক অভিনয়! অনেকের মনেই হয়তো এতদিনে একবার হলেও প্রশ্ন জেগেছে, এত সুন্দর অভিনয় কি আদৌ মদ না খেয়ে করা সম্ভব? নাকি সত্যিই ক্যামেরার সামনে আসার আগে একটু গলা ভিজিয়ে নিতেন মেগাস্টার? দীর্ঘদিনের এই জল্পনার অবসান করেছেন স্বয়ং বিগ বি।
আসল সত্যিটা কী?
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র মঞ্চে বসে এই খোলসাটা করলেন খোদ বিগ বি। শো-তে এসেছিলেন প্রতিযোগী মহিমা মনোরমা যাদব, সঙ্গে তাঁর হবু স্বামী বিমল। কথায় কথায় বিমল অমিতাভকে জানান, ‘শরাবি’ ছবিটা তিনি এক-দুবার নয়, অন্তত ৫০ বার দেখেছেন! এরপরই তাঁর মনে জমে থাকা প্রশ্নটা সটান করে বসেন বিমল। তিনি সোজা জিজ্ঞেস করেন, “পর্দায় আপনার ওই অভিনয় কি শুধুই প্রতিভা? নাকি বাস্তবেও আপনি মদ খেয়ে শুটিং ফ্লোরে আসতেন?”
দর্শকের এমন সোজাসাপটা প্রশ্নে তো হাসিতে ফেটে পড়েন প্রবীণ অভিনেতা। তিনি সাফ জানিয়ে দেন, শুটিংয়ের সময় তিনি পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক থাকতেন। এক ফোঁটাও মদ কখনও ছুঁয়ে দেখেননি। বিগ বি হাসতে হাসতেই জবাব দেন, “যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, তাই উত্তর তো দিতেই হবে। স্যার, আমরা মদ খেয়ে অভিনয় করিনি। পর্দায় আপনারা যা দেখেছেন, তা পুরোটাই নিখাদ অভিনয়।”
ছবিটার কথা উঠতেই পুরনো স্মৃতিতে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েন তিনি। অমিতাভ জানান, শুধু তো অভিনয় নয়, ছবির গল্পটাও তাঁর ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে বাবা আর ছেলের মধ্যে যে সম্পর্ক ছবিতে দেখানো হয়েছে, সেটা তাঁর কাছে স্পেশাল। আর ওম প্রকাশজির সঙ্গে বন্ধুত্বের সমীকরণটাও বড্ড পছন্দের বিগ বি-র।
কাজের কথায় এলে, অমিতাভ বচ্চনকে এরপর দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে অশ্বত্থামার চরিত্রে তাঁর অ্যাকশন সিন দেখে দর্শকরা রীতিমতো থ হয়ে গিয়েছিলেন। কমল হাসান, প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে ফের ম্যাজিক দেখাবেন তিনি। ২৮৯৮ সালের কাশী শহরের প্রেক্ষাপটে তৈরি এই মেগাবাজেট ছবির দ্বিতীয় ভাগের জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা। এর ঠিক পাশাপাশি একটি চাঞ্চল্যকর খবরও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের কাছ থেকে হুমকিও পেয়েছেন বিগ বি। তবে কোনও বিতর্ককেই পাত্তা না দিয়ে তিনি আপাতত কেবিসি-র কাজেই চুটিয়ে মন দিয়েছেন।