Abhishek Banerjee: ‘সাতদিন খালি দাঁড়ান, জোড়াফুল মমতার ছিল, আছে, থাকবে’, বিরাট দাবি অভিষেকের | TMC MP Abhishek Banerjee’s Big Claim, He says TMC sign will be given to Mamata Banerjee
বড় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।Image Credit: PTI
কলকাতা: জোড়াফুল ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই? বিরাট দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন যে জোড়াফুল প্রতীক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম নিয়ে ঋতব্রত শিবিরের সঙ্গে টানাটানি, সেই বিরোধ নাকি মিটে যাবে এক সপ্তাহে। অভিষেক সাফ বলেন, “সাতদিন খালি দাঁড়ান, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে।”
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত খুশি খুশি মুখেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সাতদিন খালি দাঁড়ান, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। সাতদিন খালি দাঁড়ান, কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন বাকিটা বলবে, আর বড় পর্দায় আপনাদের সকলকে সাক্ষী রেখে দেখাবো।”
বড় পর্দায় কী দেখাবেন বা শ্রীরামপুরের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছেই বা কী প্রমাণ রয়েছে, তা খোলসা করেননি অভিষেক। সাসপেন্স বজায় রেখেছেন, শুধু জানিয়েছেন যে জোড়াফুল প্রতীক ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই।
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই ভেঙে টুকরো হয়েছে তৃণমূল কংগ্রেস। যে দল ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকল, পালাবদল হতেই দলের চরম দুর্দশা সামনে এসেছে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা শিবির গঠন করেন তৃণমূলের বিধায়কদেরই একাংশ। ঋতব্রতদের দাবি, তাদের সঙ্গে ৬০ জনেরও বেশি তৃণমূল বিধায়ক আছেন। তারাই আসল তৃণমূল।
এই লড়াই গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। বর্তমানে দুই শিবিরই জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাদের নথি ও হলফনামা জমা দিয়েছে। এখন অপেক্ষা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের। তাতেই ঠিক হবে যে আসল তৃণমূল কে।