সিরাজের ফর্মে অখুশি ভারত? ওয়েলিংটন টেস্টের আগে কোচের মন্তব্যে বাড়ল জল্পনা
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) খেলানো হবে কি না, তা নিয়ে মুখ খুললেন না ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে সিরাজের প্রথম একাদশে থাকা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) উপরই ছেড়ে দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সিরাজের পারফরম্যান্স কিছুটা ভালো না হলেও তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তুলতে নারাজ মর্কেল। ওয়েলিংটনে প্রথম টেস্টের আগে ভারতীয় পেস আক্রমণের চূড়ান্ত কম্বিনেশন কী হবে, তা নিয়েই এখন জল্পনা।
সিরাজের পাশে দাঁড়ালেন মর্কেল, সিদ্ধান্ত গিলের
সাম্প্রতিক সময়ে সিরাজের ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও উত্তর দেননি ভারতের বোলিং কোচ। তবে জাতীয় দলের হয়ে সিরাজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। মর্কেল বলেন, ‘সিরাজ বিশ্বমানের বোলার। ভারতের জার্সিতে যখনই ও খেলেছে, নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘হেড কোচ গৌতম গম্ভীরকে আমি জানিয়েছি, ২০টি উইকেট নেওয়ার মতো যথেষ্ট বোলার আমাদের হাতে রয়েছে। শেষ পর্যন্ত কে খেলবে, সেই সিদ্ধান্ত নেবে শুবমান।’
এর আগে মঙ্গলবার শুবমান গিল জানিয়েছিলেন, প্রথম টেস্টে চার জন পেসার নিয়ে মাঠে নামতে পারে ভারত। তবে চূড়ান্ত একাদশ নিয়ে কিছু জানাননি তিনি। জশপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলা কার্যত নিশ্চিত। বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছেন সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং গুরনুর ব্রার।
নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি সিরাজ। ১১৮ রান দিয়ে চারটি উইকেট পেয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ়েও ভারতীয় দলে থাকলেও বেশির ভাগ সময় মাঠের বাইরে বসে কাটাতে হয়েছে তাঁকে। সিরিজ়ের শেষ ম্যাচে খেলার সুযোগ পান সিরাজ। ১৫ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সেই ম্যাচে ৫০ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি।
তবে টেস্টে সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয় সিরাজের। অগস্টে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে মাত্র চারটি উইকেট পেয়েছিলেন তিনি। যদিও বিদেশের মাটিতে তাঁর রেকর্ড যথেষ্ট ভালো। গত বছর ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল বোলার ছিলেন সিরাজ। ওভালে শেষ টেস্টে তাঁর দুরন্ত বোলিংয়েই স্মরণীয় জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে ন’টি উইকেট নিয়ে নিজের দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া— এই চার দেশে অভিষেকের পর থেকে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট রয়েছে সিরাজের। ২৩টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৯১টি উইকেট। এর মধ্যে চার বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে। এখনও পর্যন্ত নিউ জ়িল্যান্ডের মাটিতে কোনও টেস্ট খেলেননি সিরাজ। ফলে প্রথম টেস্টে সুযোগ পেলে নিজের রেকর্ড আরও ভালো করার হাতছানি থাকবে তাঁর সামনে।