পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার ১, মহাকাশে নাসার নতুন ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার ১, মহাকাশে নাসার নতুন ইতিহাস

Spread the love


কলকাতা: মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। পৃথিবী থেকে যাত্রা শুরুর প্রায় ৪৯ বছর পর প্রথম মানবনির্মিত…

কলকাতা: মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। পৃথিবী থেকে যাত্রা শুরুর প্রায় ৪৯ বছর পর প্রথম মানবনির্মিত বস্তু হিসেবে আমাদের গ্রহ থেকে এক আলোকদিবস দূরত্ব অতিক্রম করেছে এই মহাকাশযান। ১৮ নভেম্বর ভারতীয় সময় বিকেল ৩টে ৪৬ মিনিটে পৃথিবী থেকে তার দূরত্ব পৌঁছেছে প্রায় ২৫৯০ কোটি কিলোমিটারে।

এক আলোকদিবস বলতে বোঝায়, আলো ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করে। প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ প্রায় ৩ লক্ষ কিলোমিটার। সেই তুলনায় ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটতে থাকা ভয়েজার ১-এর এই দূরত্বে পৌঁছতে লেগেছে প্রায় পাঁচ দশক।

এর ফলে পৃথিবী থেকে পাঠানো কোনও রেডিও বার্তা মহাকাশযানটির কাছে পৌঁছতে সময় নেবে প্রায় ২৪ ঘণ্টা। আবার সেখান থেকে উত্তর ফিরতে লাগবে আরও এক দিন। অর্থাৎ একটি বার্তা পাঠিয়ে তার জবাব পেতে প্রায় দু’দিন অপেক্ষা করতে হবে বিজ্ঞানীদের।

১৯৭৭ সালে শুরু হয়েছিল যাত্রা

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার ১। তার মাত্র ১৬ দিন আগে মহাকাশে পাঠানো হয়েছিল তার যমজ মহাকাশযান ভয়েজার ২-কে। বৃহস্পতি ও শনির মতো গ্রহগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।

১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির পাশ দিয়ে উড়ে যায় ভয়েজার ১। গ্রহগুলির উপগ্রহ ও বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ছবি এবং তথ্য পাঠায় পৃথিবীতে। পরে ২০১২ সালের অগস্টে সূর্যের প্রভাববলয়ের বাইরের সীমানা হেলিওপজ অতিক্রম করে আন্তর্নাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে যানটি। সেই কৃতিত্বও প্রথম কোনও মহাকাশযান হিসেবে অর্জন করেছিল ভয়েজার ১।

কীভাবে এখনও সচল রয়েছে ১৯৭০-এর দশকের প্রযুক্তি?

সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, প্রায় অর্ধশতাব্দী পুরনো প্রযুক্তি নিয়েই এখনও পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখছে মহাকাশযানটি। সৌরশক্তির পরিবর্তে এর বিদ্যুতের উৎস তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম-২৩৮-এর ক্ষয় থেকে উৎপন্ন তাপ। বিশেষ যন্ত্রের সাহায্যে সেই তাপকে বিদ্যুতে রূপান্তর করা হয়।

তবে সময়ের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমছে। তাই শক্তি সাশ্রয়ের জন্য নাসার বিজ্ঞানীরা একে একে কিছু যন্ত্র ও অপ্রয়োজনীয় ব্যবস্থা বন্ধ করেছেন। তবুও পুরনো কম্পিউটার এবং স্মৃতিভান্ডারের সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছে যানটি। নাসার আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ভয়েজার অভিযান চালু রাখা সম্ভব হবে।

এখনও বহু দূরে অন্য নক্ষত্র

এক আলোকদিবস অতিক্রম করলেও ভয়েজার ১ এখনও অন্য কোনও নক্ষত্রের কাছাকাছি পৌঁছয়নি। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল আলফা সেন্টরি-র দূরত্বই চার আলোকবর্ষের বেশি। মহাকাশযানটি গ্লিসে ৪৪৫ নামের একটি নক্ষত্রের দিকে এগোচ্ছে। প্রায় ৪০ হাজার বছর পর সেটির কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান।

যানটির সঙ্গে রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’। পৃথিবীর নানা শব্দ, সংগীত, অভিবাদন এবং ছবি সংরক্ষিত রয়েছে ওই রেকর্ডে। ভিনগ্রহের কোনও বুদ্ধিমান প্রাণী ভবিষ্যতে সেটি খুঁজে পেলে পৃথিবী সম্পর্কে ধারণা পেতে পারে, এমন ভাবনা থেকেই এই উদ্যোগ।

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে মুনির-শাহবাজ, তালিকায় একমাত্র ভারতীয় কে?

২০৭৫ র মধ্যেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থিনীতিতে পৌঁছবে পাকিস্তান! বার্তা শরীফের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *