‘কোনও তমিজ় নেই…’, নওয়াজ়উদ্দিনকে ‘দুঃস্বপ্ন’ বলে আক্রমণ দিয়ার, পাল্টা কী লিখলেন অভিনেতা?
বলিউডের অন্যতম শান্ত ও মার্জিত অভিনেত্রী হিসেবেই পরিচিত দিয়া মির্জা। বিতর্ক থেকে বরাবরই শতহস্ত দূরে থাকেন তিনি। কিন্তু বুধবার হঠাৎই তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বি-টাউনে! সহ-অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে সরাসরি ট্যাগ করে তাঁকে ‘নাইটমেয়ার’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন দিয়া। চুপ থাকেননি নওয়াজও, কমেন্ট বক্সেই দিয়েছেন মোক্ষম জবাব! তবে দুই তারকার এই প্রকাশ্য বাকযুদ্ধ দেখে নেটিজ়েনদের একাংশের সন্দেহ—এটি আসল ঝগড়া নয়, বরং আসন্ন কোনও প্রোজেক্টের প্রচারের কৌশল!
কী লিখেছেন দিয়া মির্জা এবং নওয়াজ়উদ্দিন?
বুধবার, ১৮ নভেম্বর নিজের ইনস্টাগ্রামে নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে ট্যাগ করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন দিয়া। সেখানে তিনি লেখেন, ‘কাজ করার জন্য এক দুঃস্বপ্ন! না কথা বলার তমিজ় আছে, আর অ্যাটিটিউড তো অন্য লেভেলের! ভীষণ আপত্তিকর একটা চরিত্র!’ পোস্টের সঙ্গে কোনও ব্যাখ্যা না দেওয়ায় অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে ওঠে। আগুনে ঘি ঢেলে সেই পোস্টের কমেন্ট বক্সেই পাল্টা জবাব দেন নওয়াজ়উদ্দিন। অভিনেতা লেখেন, ‘অ্যাটিটিউডে খুঁত বের করা খুব সহজ, পারলে কাজে খুঁত বের করে দেখান।’
সত্যিই কি ঝগড়া, নাকি প্রোমোশনাল স্টান্ট?
দিয়া মির্জার মতো একজন বিনয়ী অভিনেত্রীর মুখে এমন ভাষা শুনে অনেকেই প্রথমে চমকে গিয়েছিলেন। তবে খানিক পরেই নেটিজেনদের বড় একটি অংশ দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন। তাঁদের মতে, এটি নিশ্চিত ভাবেই কোনও নতুন সিনেমা বা ওয়েব সিরিজ়ের প্রোমোশনাল স্টান্ট।
এখনও পর্যন্ত দিয়া বা নওয়াজ়—কেউই এই পোস্টের আসল কারণ খোলসা করেননি। প্রসঙ্গত, দিয়া মির্জ়াকে শেষবার দেখা গিয়েছে সানি দেওল, অক্ষয় খান্না ও তিলোত্তমা সোম অভিনীত ‘ইক্কা’-তে। এ ছাড়াও আলিয়া ভাট ও শর্বরী অভিনীত YRF-এর স্পাই-থ্রিলার ‘আলফা’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। এখন দেখার, নওয়াজের সঙ্গে তাঁর এই ‘ভার্চুয়াল লড়াই’ শেষমেশ কোন নতুন প্রোজেক্টের ঘোষণা নিয়ে আসে।