হার্ট অ্যাটাক, স্ট্রোক হয় না আমাজনের এই উপজাতির, ‘ফুড হ্যাবিটেই’ কি লুকিয়ে রহস্য?

হৃদরোগ, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ভয় যেন অনেকটাই দূরে আমাজনের এই আদিবাসী জনগোষ্ঠীর কাছে।

শুধু তাই নয়, বলিভিয়ার আমাজ়ন জঙ্গলের টিসিমানে (Tsimane) জনগোষ্ঠীর মানুষের ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় অত্যন্ত কম। কিন্তু কী এমন জীবনযাপন করেন তাঁরা, যার ফলে তাঁদের হৃদযন্ত্র থাকে এতটা সুস্থ?

কিন্তু এর পিছনে কোনও দামি ওষুধ বা বিশেষ ডায়েটের ভূমিকা নেই। বরং তাঁদের প্রতিদিনের জীবনযাপন এবং খাবারের অভ্যাসই এই সুস্থতার অন্যতম কারণ।

২০১৭ সালে দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় ৭০০-র বেশি টিসিমানে মানুষের সিটি স্ক্যান করা হয়। দেখা যায়, তাঁদের প্রায় ৮৫ শতাংশের ধমনিতে ফ্যাট জমার কোনও লক্ষণ নেই। অর্থাৎ, হৃদ্রোগের সবচেয়ে অন্যতম কারণ ফ্যাট, তা তাঁদের হার্টে জমে না। কী ভাবে এত ভালো তাঁদের হার্ট?

কী খান আমাজনের এই আদিবাসীরা?
আসলে এর উত্তর লুকিয়ে তাঁদের খাদ্যাভাসে। টিসিমানে জনগোষ্ঠীর খাদ্যতালিকায় রয়েছে মূলত নিজেদের চাষ করা অথবা জঙ্গল থেকে সংগ্রহ করা খাবার। তাঁদের দৈনন্দিন খাবারের প্রায় ৭৫ শতাংশই আসে প্রাকৃতিক কার্বোহাইড্রেট থেকে।

যেমন ভাত, ভুট্টা, কলা, বাদাম ও বিভিন্ন ধরনের ফল। তাঁরা প্রচুর বেরি খান। এ ছাড়া প্রোটিনের জন্য তাঁরা খান মাছ এবং শিকার করা বন্য প্রাণীর কম চর্বিযুক্ত মাংস। তাঁদের খাদ্যতালিকায় শাকসব্জি, ফলমূল ও আঁশযুক্ত খাবারের পরিমাণ বেশি।

তাঁদের খাবারে প্রক্রিয়াজাত খাবার, প্যাকেজড ফুড, অতিরিক্ত চিনি এবং চর্বির পরিমাণ খুবই কম। ফলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরল জমার আশঙ্কাও তুলনামূলক ভাবে কম হয়।

সারাদিনের পরিশ্রমই তাঁদের শরীরচর্চা
পাশাপাশি, টিসিমানে পুরুষেরা প্রতিদিন প্রায় ৬-৭ ঘণ্টা শারীরিক ভাবে পরিশ্রম করেন। শিকার করা, মাছ ধরা এবং খাবার সংগ্রহ করাই তাঁদের দৈনন্দিন কাজ। দিনে গড়ে প্রায় ১৭ হাজার পা হাঁটেন তাঁরা। মহিলারাও চাষবাস করেন। ঘরের কাজ করেন ৪-৬ ঘণ্টা এবং প্রতিদিন প্রায় ১৬ হাজার স্টেপ হাঁটেন।

পাশাপাশি, তাঁরা ধূমপান করেন না। গবেষকদের মতে, কম চর্বিযুক্ত খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার অভ্যাসই তাঁদের হৃদযন্ত্র সুস্থ রাখার বড় কারণ।

এই বিষয়ে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক উদয় শঙ্কর দাস বলেন, ‘এই উপজাতি অনেক বেশি পরিশ্রম করে। পাশাপাশি যে ধরনের খাবার খায়, তাতে ফ্যাট অনেক কম জমে শরীরে। এ ছাড়া এও হতে পারে এই উপজাতির শরীরে খারাপ কোলেস্টেরল LDL তৈরি করে যে জিন ‘সাইলেন্ট’। এই সব কারণেই হয়তো হার্ট এতটা ভালো থাকে।