কলেজ স্ট্রিটে বিমান বসুকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান ABVP-র - 24 Ghanta Bangla News
Home

কলেজ স্ট্রিটে বিমান বসুকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান ABVP-র

Spread the love


কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানো নিয়ে উত্তেজনা। বাম ছাত্র সংগঠন SFI এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের মধ্যে দফায় দফায় বচসা ও ধাক্কাধাক্কিতে উত্তপ্ত…

কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানো নিয়ে উত্তেজনা। বাম ছাত্র সংগঠন SFI এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের মধ্যে দফায় দফায় বচসা ও ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ সেই উত্তপ্ত পরিবেশের মধ্যেই বিকেলে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন ABVP-র সদস্যরা। পাল্টা জবাব দিয়ে এলাকা ছাড়েন প্রবীণ বাম নেতা।

বুধবার বিকেল পৌনে ৪টে নাগাদ কলেজ স্ট্রিটে SFI-এর বইয়ের স্টলে যান বিমান বসু। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে ছাত্রছাত্রী ও দলীয় কর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তাঁরা। এর পর সেখান থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই ABVP-র সদস্যরা তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন। ‘পালিয়েছে, পালিয়েছে, বিমান বসু পালিয়েছে’-এই ধরনের স্লোগানও শোনা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বসু বলেন, তাঁকে ‘গো ব্যাক’ বলার কোনও অর্থ নেই। কারণ, তিনি সেখানে স্থায়ীভাবে থাকতে আসেননি। তাঁর অন্য একটি বৈঠক রয়েছে। বইয়ের স্টল ঘুরে দেখেই তিনি চলে যাচ্ছেন বলে জানান বামফ্রন্ট চেয়ারম্যান।

বুকস্টল ঘিরে দুই ছাত্র সংগঠনের বিরোধ

কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নিয়ম মেনে SFI বইয়ের স্টল তৈরি করেছে বলে দাবি সংগঠনটির। অন্যদিকে, ABVP-র তরফেও পাল্টা স্টল বসানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু লালবাজারের বক্তব্য, ABVP-র স্টল খোলার জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। পুলিশ সেটি সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। SFI ও ABVP-র সদস্যদের মধ্যে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। এক পর্যায়ে বই হাতে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি চলে আসেন। যান চলাচলও ব্যাহত হয়।

ABVP-র অভিযোগ, স্বামী বিবেকানন্দকে অসম্মান করা হয়েছে, তাই সংশ্লিষ্ট সংগঠনকে কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসাতে দেওয়া উচিত নয়। সংগঠনের সদস্য স্বাধীন হালদারের দাবি, ১৭ নভেম্বর SFI অনুমতি ছাড়াই স্টল বসিয়েছিল এবং রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিল। এই বিষয়ে লালবাজার, জোড়াসাঁকো থানা ও পুরসভাকে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, SFI-এর এক ছাত্রনেতার অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই তাঁরা স্টল সাজানোর কাজ করছিলেন। তাঁদের স্টলের সামনে রাখা ফ্লেক্সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক ও সুকান্ত ভট্টাচার্যের ছবি ছিল। সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ‘পথের দাবি’ বইটিকে ঘিরেও সম্প্রতি আপত্তিকর মন্তব্য করা হয়েছিল বলে দাবি SFI-এর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা রাখার চেষ্টা করা হয়। তবে তাতেও উত্তেজনা পুরোপুরি কমেনি। ABVP-র সদস্যদের একাংশ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। মার্কসবাদ বিরোধী স্লোগানের পাশাপাশি বাম ছাত্র সংগঠনকে চিনের সমর্থক ও দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত বলেও আক্রমণ করা হয়।

আরও পড়ুন-

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব বঙ্গে! কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা?

শালবনিতে JSW র জমির একাংশ ফিরিয়ে নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *