হাসপাতালে মৃত্যুতে ময়না–তদন্তে আপত্তি পরিবারের, উত্তেজনা - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে মৃত্যুতে ময়না–তদন্তে আপত্তি পরিবারের, উত্তেজনা

Spread the love

এই সময়, আসানসোল: চিকিৎসাধীন অবস্থায় এক যুবতীর মৃত্যুকে ঘিরে সোমবার উত্তেজ‍না ছড়াল একটি বেসরকারি হাসপাতালে। নেহাকুমারী গুপ্তা (২৫) নামে ওই যুবতীর দেহর ময়না–তদন্ত করাতে চান আসানসোলের সৃষ্টিনগর অঞ্চলের ওই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। কিন্তু তাতে বাধা দেন মৃতর পরিজনরা। দু’পক্ষের এই টানাপোড়েনে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালে দেহর ময়না–তদন্ত করানো হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, আসানসোলের ধাদকা এলাকার বাসিন্দা নেহাকে গত ৭ নভেম্বর আসানসোলের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোক। সেখানে রবিবার বিকেলে মারা যান ওই যুবতী। এর পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় দেহটির ময়না–তদন্ত করানোর জন্য লিখিত অনুরোধ পাঠানো হয়।

সোমবার সকালে নেহার পরিবারের সদস্যরা তাঁর দেহ নিতে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ময়না–তদন্তের কথা জানান। শুনেই বেঁকে বসেন পরিবারের লোক। তাঁরা কিছুতেই ময়না–তদন্ত করাতে দিতে চাননি। কিন্তু সুনির্দিষ্ট কারণ দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও পুলিশের মাধ্যমে ময়না–তদন্ত করাতে অনড় থাকেন।

একসময়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন নেহার আত্মীয়–পরিজন। তাঁরা দাবি করেন, রোগীর চিকিৎসা বাবদ যে বিল হয়েছিল, তা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা কমাতে বলা হয়। এর জন্যই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ দেহর ময়না–তদন্ত করাতে চাইছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। হাসপাতাল চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। নামানো হয় র‌্যাফ। শেষ পর্যন্ত পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের চাপের কাছে নতি স্বীকার করে পরিবারের লোকজন ওই যুবতীর দেহর ময়না–তদন্তে সম্মতি জানাতে বাধ্য হন।

সোমবার বিকেলে আসানসোল জেলা হাসপাতালে ময়না–তদন্ত হয়। কেন এই সিদ্ধান্ত, সে সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোগীর শরীরে সেপটিক শকের চিহ্ন ছিল। মাল্টিঅর্গান অকেজো হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। যে চিকিৎসকরা তাঁকে দেখছিলেন, তাঁদের বক্তব্য, রোগী এমন কিছু খেয়েছিলেন বা পান করেছিলেন, যা থেকে শরীরে বিষক্রিয়া হয়ে গিয়েছিল। স্বভাবতই মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহর ময়না–তদন্ত করানো জরুরি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *