কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টল ঘিরে ধুন্ধুমার, প্রিজন ভ্যানে তোলা হল একাধিক সদস্যকে

কলকাতা: বুকস্টল বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত কলেজ স্ট্রিট। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI-এর বই বিক্রির কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সদস্যদের বচসা শুরু…
কলকাতা: বুকস্টল বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত কলেজ স্ট্রিট। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI-এর বই বিক্রির কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সদস্যদের বচসা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন SFI সদস্যরা। প্রতিবাদে রাস্তার উপরেই বসে পড়েন তাঁরা। ব্যানার পেতে তার উপর বই সাজিয়ে শুরু করেন বিক্রি। তাঁদের দাবি, বাধা দেওয়া হলেও ওই জায়গাতেই বই বিক্রি করবেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশের প্রিজন ভ্যান। এরপরই শুরু হয় ধরপাকড়। SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক সদস্যকে প্রিজন ভ্যানে তোলা হয়।
১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ‘বইয়ের জন্য আসুন’ কর্মসূচি নিয়েছে SFI। সেই কর্মসূচির অংশ হিসাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে বুকস্টল বসানোর পরিকল্পনা ছিল সংগঠনের। কিন্তু মঙ্গলবার স্টল খুলতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ SFI সদস্যদের। পুলিশের তরফে জানানো হয়, ওই বুকস্টল বসানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট রাস্তায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তাই সেখানে জমায়েত বা মিছিল করা যাবে না।
পুলিশের আপত্তির পরেই প্রতিবাদে রাস্তায় বসে পড়েন SFI সদস্যরা। রাস্তার উপর বই সাজিয়ে বিক্রি শুরু করেন তাঁরা। সংগঠনের দাবি, প্রতি বছরই কলেজ স্ট্রিটে এই বুকস্টল বসানো হয়। তাই এবারও স্টল বসানোর অনুমতি দিতে হবে। পুলিশের সঙ্গে বচসার সময় SFI সদস্যরা প্রশ্ন তোলেন, ১৬৩ ধারা কবে জারি হয়েছে, তার নির্দেশিকার কপি কোথায়? একটি বইয়ের স্টল আটকাতে কেন এই ধারা প্রয়োগ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
SFI সদস্যদের অভিযোগ, বই বিক্রি করতে বসার পরেও পুলিশ তাঁদের বাধা দেয়। এমনকি কয়েকজনের কলার ধরে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র বক্তব্য, তাঁদের কাছে পুরসভার চালান, লালবাজার এবং স্থানীয় থানার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
এর পরেই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ে। প্রিজ়ন ভ্যানে তোলা হয় দেবাঞ্জন দে-সহ SFI-এর একাধিক সদস্যকে। বুকস্টল ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ স্ট্রিটে উত্তেজনা ছড়ায়।
মাকে খুন করে নিজেই পুলিশে ফোন! হরিদেবপুরে গ্রেফতার ৬৭ বছরের ছেলে
কলকাতার রিয়েল এস্টেটে ২৮০০ কোটির বাজি! FY27-এ তিন প্রকল্প সুগমের