Shilbhadra Dutta: ‘দলটা মাত্র ছয় মাস ক্ষমতায় এসছে, সবাই বাচ্চা’, মন্তব্য বিজেপি নেতা শীলভদ্রের | EX MLA Shilbhadra Dutta reacts over BJP’s Internal Conflicts in West Bengal
পানিহাটি: পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুকে (Panihati BJP Worker Death) কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এই ঘটনার পর থেকেই ব্যারাকপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। কিন্তু, গোষ্ঠীকোন্দলের যে অভিযোগ উঠছে, তা অস্বীকার করছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে, এটা ছোট-খাটো ঘটনা বলছেন প্রবীণ বিজেপি নেতা শীলভদ্র দত্ত। একইসঙ্গে জানিয়েছেন, ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের উপর তাঁর ভরসা রয়েছে। আসল ঘটনা খুঁজে বের করা হবে। তাঁর মতে, সরকারের মাত্র ছয় মাস। এখন সবাই বাচ্চা। পরিণত হতে হলে এই ঘটনাগুলো ঘটবে না।
বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে কী বলছেন শীলভদ্র দত্ত?
বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। রাহুল সিনহার নেতৃত্বে গঠন করা হয়েছে টিম। ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে।তবে, অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক ও প্রবীণ বিজেপি নেতা বলেন, “রাহুলদার মতো লোককে মাথায় রেখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। কাজ তো হবেই। তাঁরা খোঁজ নিয়ে সবটাই করবেন। একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটাকে তো সামলাতে হবে। রাজ্যস্তরের নেত্রীবৃন্দ এদিকে নজর দিচ্ছে। যাতে গণ্ডগোলটা বেশিদূর না যায়। এটা মিটে যাবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিশ্চয় সমস্যার সমাধান করবে। রাহুলদার মতো নেতাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন এটা নিশ্চয় মিটবে। তদন্ত চলছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, পুলিশ নিশ্চয় পদক্ষেপ করবে। এটা পুরোপুরি প্রশাসনের বিষয়। এটাকে নিয়ে আমাদের বলার কোনও জায়গা নেই।”
গোষ্ঠীকোন্দল নিয়ে কী বলছেন?
গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে শীলভদ্র বলেন, “দেখুন যে ঘটনাগুলো ঘটছে, ছোটখাট ঘটনা। দলটা মাত্র ছয় মাস ক্ষমতায় এসছে তো, এখনও আমাদের অভিজ্ঞতাটা হয়ে ওঠেনি। সরকারি দলের যে অভিজ্ঞতাটা দরকার তা হয়ে ওঠেনি। সেইজন্য়ই এই ছোটখাট গণ্ডগোল ঘটছে। যখন আরও বেশি অভিজ্ঞতা হয়ে যাবে, তখন এই গণ্ডগোল হবে না। এখন সবাই বাচ্চা।” তিনি জানান, বাচ্চা বড় হতে হতে যখন বড় হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ভাবার বেশি কিছু নয় বলেই মন্তব্য করেছেন বিজেপি নেতা।