Jalpaiguri, Blood News: রক্ত অদল-বদলকাণ্ডে নয়া মোড়, ভুল রক্ত দেওয়ার পরই রোগীর জ্বর সঙ্গে শ্বাসকষ্ট শুরু, বলছে পরিবার | Blood Changes in Jalpaiguri west bengal
জলপাইগুড়িতে রক্তের অদল বদলImage Credit: Tv9 Bangla
জলপাইগুড়ি: রক্ত অদল বদল কাণ্ডে নতুন উদ্বেগ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে (Jalpaiguri Medical College) দুই রোগীর মধ্যে রক্ত অদল বদল কাণ্ডে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে অসুস্থ বীরেন্দ্র নাথ শর্মার পরিবারে। গত শনিবার তাঁকে AB পজিটিভ রক্তের পরিবর্তে দেওয়া হয় A পজিটিভ রক্ত। ভুল রক্ত দেওয়ার পর অসুস্থ বীরেনবাবুকে সোমবার দুপুর পর্যন্ত রাখা হয়েছিল CCU-তে। বিকেলে তাঁকে নামিয়ে আনা হয় জেনারেল বেডে। তবে পরিবারের দাবি, জেনারেল বেডে আনার পরে সন্ধ্যায় তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁর জ্বর আসে।এরপর ফের শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। আর এতেই নতুন করে উদ্বেগ সৃষ্টি হয় রোগীর পরিবারে।
পরিবারের দাবি, এই অবস্থায় হাসপাতাল থেকে বলা হয় রোগীকে ডাইলেসিস করতে হবে। কিন্তু ডাইলোসিসের সঙ্গে ওই রোগীর নতুন করে রক্ত লাগবে বলে জানানো হয়।কিন্তু রোগীর পরিবার অনেক কষ্টে দুই ইউনিট A+ ব্লাড ডোনার জোগাড় করেছিলেন। সেই রক্তের মধ্যে এক ইউনিট ব্লাড নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে আরও রক্ত সংগ্রহ করতে অসমর্থ পরিবার। তাই হাসপাতাল কর্তৃপক্ষ বা সেচ্ছাসেবী সংগঠনের সাহায্য চেয়ে সংবাদ মাধ্যমে আবেদন করেছেন।
রোগীর দাদা বলেন, “দাদার সঙ্গে বৌদি আছে। জানাল যে দাদার অবস্থা খারাপ। হঠাৎ করে জ্বর এসেছে। শ্বাসকষ্ট শুরু হয়েছে। সিস্টার বলল গা মুছিয়ে দাও। এখন অক্সিজেন লাগানো আছে। রোগীকে বলছে ডায়লোসিস করতে হবে। আগে কিন্তু ডায়লোসিস করতে হবে এমন বলেনি। ভুল রক্ত দেওয়ার পর এখন বলছে ডায়লোসিস করতে হবে। দাদা যাতে ভালো হয়, তাই যেন করা হয়।”
সোমবার কী ঘটেছিল?
জলপাইগুড়ি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা (৬১)। ব্লাড গ্রুপ AB+। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে রক্ত দিতে বলেন চিকিৎসক। বাড়ির লোকেরা ডোনার জোগাড় করে রক্ত সংগ্রহ করেন। এরপর শুরু হয় রক্ত দেওয়া। খানিকটা রক্ত শরীরে যেতেই অসুস্থ হন রোগী। এরপর বাড়ির লোক দেখতে পান তাঁকে A+ রক্ত দেওয়া হয়েছে। সঙ্গে-সঙ্গে তাঁরা নার্সকে জানান। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় CCU-তে। তাঁরই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে পরিবার।
সোমবার যখন এই ঘটনা শোনা মাত্রই তীব্র ক্ষোভ প্রকাশ করেন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। এই বিষয়ে ফোনে তিনি টিভি ৯ বাংলাকে জানিয়েছিলেন, “এই অভিযোগ নিয়ে উপযুক্ত তদন্ত হবে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।”