Belgharia: রক্তমাখা পায়ে ছাপ পৌঁছেছিল বাড়ি পর্যন্ত! তাতেই হল রহস্যের সমাধান | Belgharia Murder: Man Kills Friend Over Drinking Brawl, Caught via Bloody Footprints - 24 Ghanta Bangla News
Home

Belgharia: রক্তমাখা পায়ে ছাপ পৌঁছেছিল বাড়ি পর্যন্ত! তাতেই হল রহস্যের সমাধান | Belgharia Murder: Man Kills Friend Over Drinking Brawl, Caught via Bloody Footprints

Spread the love

উত্তর ২৪ পরগনা: মদের আসরে সামান্য বচসা থেকেই চরম পরিণতি! দীর্ঘদিনের বন্ধুকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়ার রবীন্দ্রনগর এলাকায়। ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সন্তোষ কর্মকার, পেশায় তিনি একজন টোটো চালক। তাঁর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল ওই এলাকারই বাসিন্দা সুভাষ দাসের। অভিযোগ, গত পরশু রাতে পাড়ারই একটি নির্জন জায়গায় দুই বন্ধু মিলে মদ্যপান করছিলেন। নেশার ঘোরে কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পৌঁছয়।

সেই সময় রাগের মাথায় সুভাষ একটি ভারী পাথর তুলে সন্তোষের মাথায় ও মুখে সজোরে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্তোষ। শুধু তাই নয়, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পাশের একটি ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্তমাখা পায়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে বেলঘড়িয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা পায়ের ছাপ রাস্তা বরাবর এগিয়ে গিয়েছে। সেই পায়ের ছাপ অনুসরণ করতেই পুলিশ সরাসরি পৌঁছে যায় অভিযুক্ত সুভাষ দাসের বাড়ির সামনে।

এরপরই সুভাষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়ে এবং বন্ধুকে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপরই তাকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সেজন্য ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *