Barun Sarkar: বস্তি থেকে আন্তর্জাতিক মঞ্চ, ছবির জাদুতে বিশ্বজয় কলকাতার বরুণের! কীভাবে বদলাল 'বড়কু'র জীবন? | From Railway Slum to Global Recognition: Bengali Photographer Barun Sarkar Wins Second Prize at HIPA 2026 - 24 Ghanta Bangla News
Home

Barun Sarkar: বস্তি থেকে আন্তর্জাতিক মঞ্চ, ছবির জাদুতে বিশ্বজয় কলকাতার বরুণের! কীভাবে বদলাল ‘বড়কু’র জীবন? | From Railway Slum to Global Recognition: Bengali Photographer Barun Sarkar Wins Second Prize at HIPA 2026

Spread the love

কলকাতা: একসময় রেললাইনের পাশের বস্তিতে কেটেছে দিন। অভাব ছিল নিত্যসঙ্গী। ভালো প্রশিক্ষণ তো দূরের কথা, নিজের পছন্দের কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সামর্থ্যও ছিল না পরিবারের। কখনও খবরের কাগজ বিলি করেছে, কখনও অন্যের গাড়ি ধুয়েছে, কখনও আবার ডেলিভারির কাজ করে সংসারের হাল ধরেছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কাছে হার মানেননি। চোখে ছিল স্বপ্ন, মনে ছিল জেদ। আর সেই জেদই আজ তাঁকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতে নজির গড়েছে বাংলার ছেলে বরুণ সরকার। পরিবারের কাছে সে অবশ্য বড়কু নামেই পরিচিত।

সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ (HIPA)-এর ১৫তম সংস্করণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বড়কু। আন্তর্জাতিক স্তরের এই স্বীকৃতি নিঃসন্দেহে তার দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম এবং শিল্পীসত্তার এক বড় স্বীকৃতি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে শুধুমাত্র একজন আলোকচিত্রীর লড়াই নয়, রয়েছে এক মায়ের স্বপ্ন, একাধিক মানুষের নিঃস্বার্থ সহযোগিতা এবং জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ গল্প।

রেললাইনের পাশের বস্তি থেকে স্বপ্নের শুরু

বড়কুর জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। তাঁর মা জানিয়েছেন. রেললাইনের পাশের বস্তির পরিবেশে বেড়ে ওঠা। চারপাশের প্রতিকূলতা, আর্থিক অনটন, জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—সবকিছুর মধ্যেই বড় হয়েছেন তিনি এবং তাঁর ভাই-বোনেরা। ছোট থেকেই জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে তাঁদের। কখনও খবরের কাগজ বিলি, কখনও অন্যের গাড়ি ধোওয়া, আবার কখনও ডেলিভারির কাজ করে রোজগার করতে হয়েছে। কিন্তু জীবনযুদ্ধে ব্যস্ত থেকেও নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি বড়কু।

বরুণের মা জানান, তাঁর জীবনে শিল্পচর্চার প্রথম পদক্ষেপ অবশ্য ফটোগ্রাফি দিয়ে নয়, শুরু হয়েছিল আঁকা দিয়ে। পরিবারের এক আত্মীয়া মিথুয়া তালাপাত্র ভট্টাচার্যর উদ্যোগে ছবি আঁকা শেখার সুযোগ পান বরুণ। নিজের বাড়িতে অবসরপ্রাপ্ত এক আর্ট স্কুল শিক্ষকের কাছে বড়কুর আঁকা শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। যে পরিবেশে মূলত সচ্ছল ও উচ্চশিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা ছবি আঁকতে আসত, সেখানে বড়কুর মতো এক শিশুকে সুযোগ করে দেওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সেই সময় বড়কুর আঁকা শেখার দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত বাসুদেব সরকার। কোনও পারিশ্রমিক ছাড়াই তাঁকে ছবি আঁকা শিখিয়েছিলেন তিনি। শুধু শিক্ষক হিসেবেই নয়, বড়কুর প্রতি তাঁর বিশেষ স্নেহ ও উৎসাহ ছিল। বরুণের মায়ের দাবি, সেই সুযোগ না পেলে হয়তো বড়কুর শিল্পী হয়ে ওঠার যাত্রাটাই শুরু হত না।

Barun Prize

অভাবের সংসারে স্বপ্নপূরণের লড়াই

বড়কুর প্রতিভা থাকলেও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের। ভালো প্রশিক্ষণ, উন্নত ক্যামেরা কিংবা প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম—কোনও কিছুই সহজে জোগাড় করা সম্ভব হয়নি। তবু থেমে থাকেনি তাঁর চেষ্টা। নিজের মতো করে শিখেছে, কাজ করেছে, প্রতিনিয়ত নিজেকে তৈরি করেছে।

এই পথচলায় পাশে দাঁড়িয়েছেন একাধিক মানুষ। আর তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরুণের মা। স্বপ্নলোকের সদস্য সমিতা চন্দ্র বড়কু ও তার ভাই-বোনেদের ইংরেজি এবং কম্পিউটার পড়ানোর পাশাপাশি তাঁদের জীবনের নানা প্রয়োজনেও সাহায্য করেছেন। শুধু পড়াশোনা নয়, শিশুদের ভবিষ্যৎ, উন্নতি এবং ভালো থাকা নিয়েও তাঁর বিশেষ নজর ছিল। বড়কুর কাজের জন্য উপযুক্ত ল্যাপটপের প্রয়োজন হলে সেটি জোগাড় করতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।

পরবর্তীতে কাজের প্রয়োজনে আরও উন্নত কম্পিউটারের প্রয়োজন হয় বড়কুর। তখন স্বয়ম্ভু চৌধুরী ও অদিতি চৌধুরী এগিয়ে আসেন। কম্পিউটার কেনার সম্পূর্ণ খরচ বহন করে বড়কুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন তাঁরা।

ফটোগ্রাফির ক্ষেত্রে ছবি তোলার পাশাপাশি ছবি সম্পাদনা বা ইমেজ এডিটিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দক্ষতা অর্জনে বড়কুকে সাহায্য করেছেন শিক্ষক তাপস বসু। নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকায় সবসময় নিয়মিত ক্লাস করা সম্ভব হত না বড়কুর। কিন্তু তার পরিস্থিতি বুঝে সহযোগিতা করেছেন শিক্ষক। এমনকী, কোনও পারিশ্রমিক ছাড়াই তাঁকে ইমেজ এডিটিং শিখিয়েছেন তিনি।

এছাড়াও সিদ্ধার্থ ভৌমিক ও অজন্তা ভৌমিকের স্নেহ, ভালোবাসা এবং সহযোগিতাও বড়কুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন মা। বনকানালিতে থাকার সময় তাঁর কাজ যাতে থেমে না থাকে, সেই কারণে আরও একটি কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁরা।

আন্তর্জাতিক মঞ্চে বাংলার বড়কু

এত প্রতিকূলতার মধ্যেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন বরুণ। আর তারই স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক মঞ্চে। HIPA-র ১৫তম সংস্করণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় এই স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য।

HIPA-র আন্তর্জাতিক পরিসরও বেশ বড়। বিশ্বের ২০৯টি দেশের পাঁচ লক্ষেরও বেশি প্রতিষ্ঠিত ও উদীয়মান আলোকচিত্রী এই মঞ্চের সঙ্গে যুক্ত। জমা পড়ে দশ লক্ষেরও বেশি আলোকচিত্র। এমন একটি প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যে কোনও আলোকচিত্রীর কাছেই বড় সম্মানের। আর রেললাইনের পাশের বস্তির প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা বড়কুর কাছে এই জয় আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ।

নিজের সাফল্য শুধু নিজের জন্য নয়

তবে বড়কুর সাফল্যের গল্পে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হয়তো তার মানসিকতা। যে অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছেন তিনি, সেই অভাবের কথা ভুলে যাননি। নিজের রোজগার এবং সাফল্যকে শুধু নিজের বলে মনে করেন না তিনি। তাঁর মায়ের কথায়, বড়কুর বিশ্বাস, তাঁর উপার্জন এবং সাফল্যের উপর পরিবারের প্রত্যেকের সমান অধিকার রয়েছে।

এই সাফল্যের পুরস্কারমূল্য থেকেও বড়কু এবং তাঁর ভাই-বোনেরা নিজেদের প্রিয় সংগঠন ‘বরানগর স্বপ্নলোকে ফর হিউম্যানিটি উইথ হিউম্যানিটি’-কে ২ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ওই সংগঠনের অধীনে নথিভুক্ত ৬০ জন পড়ুয়ার প্রত্যেকের নামে ১,০০০ টাকা করে চাইল্ড অ্যাকাউন্ট খোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত মা। তাঁর কথায়, বড়কু এবং তার ভাই-বোনেদের জন্য তাঁরা খুব বেশি কিছু করতে পারেননি। ভালো প্রশিক্ষণ কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করে দিতে পারেননি। কিন্তু ছেলেমেয়েরা নিজেদের চেষ্টায় আজ সাফল্যের মুখ দেখেছে। তাই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়ার থেকেও তাঁর কাছে বড় প্রাপ্তি, সন্তানরা মানুষ হয়েছে।

তিনি চান, বড়কুর এই যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাক। জীবনে আরও অনেক স্বপ্ন পূরণ করুক। পাশাপাশি, আগামী দিনেও যেন দুঃস্থ ও বঞ্চিত মানুষের পাশে থাকেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *