সরকারের কারণে নষ্ট হয়েছে যৌবন! ৩৫-এর যুবককে ৩০ লক্ষ টাকার পুরস্কার সুপ্রিম কোর্টের | Supreme Court Awards Rs 30 Lakh to Man Jailed 7 Years After Acquittal, Urges Law on Illegal Custody - 24 Ghanta Bangla News
Home

সরকারের কারণে নষ্ট হয়েছে যৌবন! ৩৫-এর যুবককে ৩০ লক্ষ টাকার পুরস্কার সুপ্রিম কোর্টের | Supreme Court Awards Rs 30 Lakh to Man Jailed 7 Years After Acquittal, Urges Law on Illegal Custody

Spread the love

নয়া দিল্লি:  আদালত থেকে বেকসুর খালাস পাওয়ার পরও প্রশাসনিক গাফিলতি ও সমন্বয়ের অভাবে ৭ বছরেরও বেশি সময় ধরে জেলে কাটাতে হয়েছে এক যুবককে! এই ঘটনায় ছত্তিশগড় সরকারকে তীব্র ভর্ৎসনা করে ওই যুবককে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, দেশে বেআইনি বা অন্যায়ভাবে আটকে রাখার ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়নেরও সুপারিশ করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি সঞ্জীব সচদেবার ডিভিশন বেঞ্চ দেবীলাল গোন্ড বনাম ছত্তিশগড় রাজ্য মামলার শুনানিতে এই ঐতিহাসিক রায় দিয়েছে।

২০১২ সালের ডিসেম্বরে খুনের একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন ছত্তিশগড়ের বাসিন্দা দেবীলাল গোন্ড। ২০১৩ সালের আগস্টে রাজনন্দগাঁওয়ের দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন দেবীলাল। ২০১৮ সালের ২০ জানুয়ারি ছত্তিশগড় হাইকোর্ট তাঁকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়।

কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয়, জেল কর্তৃপক্ষ ও লিগ্যাল এইড-এর মধ্যে সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক গাফিলতির জেরে হাইকোর্টের সেই মুক্তির নির্দেশ জেল পর্যন্ত পৌঁছায়নি। ফলে খালাস পাওয়ার পরও ৭ বছর ৩ মাসের বেশি সময় ধরে বিনা দোষে দুর্গ সেন্ট্রাল জেলে বন্দি থাকতে হয় তাঁকে। অবশেষে ২০২৫ সালের মে মাসে জেলের নথিপত্র যাচাইয়ের সময় বিষয়টি নজরে আসে এবং ১৯ মে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর বেআইনি কারাবাসের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন দেবীলাল। ছত্তিশগড় হাইকোর্ট তাঁর আটককে অবৈধ বলে স্বীকার করলেও মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তিনি।

শুনানিতে শীর্ষ আদালত জানায়, খালাস পাওয়ার সময় দেবীলালের বয়স ছিল প্রায় ২৮ বছর, আর মুক্তি পেলেন ৩৫ বছর বয়সে। প্রশাসনের চরম উদাসীনতায় জীবনের সবচেয়ে মূল্যবান যৌবনকাল তিনি জেলে হারিয়েছেন। এটি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার)-এর চরম লঙ্ঘন। আদালত স্পষ্ট জানায়, ক্ষতিপূরণ কেবল নামমাত্র বা প্রতীকী হলে চলবে না, তা এমন হওয়া উচিত যাতে ওই ব্যক্তি নতুন করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ৩০ লক্ষ টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ টাকা সরাসরি তাঁর সেভিংস অ্যাকাউন্টে এবং বাকি ২৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখার নির্দেশ দিয়েছে আদালত, যেখান থেকে তিনি প্রতি মাসে সুদ পাবেন।

রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে জানায়, বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য দেশে এখনও কোনও নির্দিষ্ট আইনি কাঠামো নেই। এছাড়া ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মধ্যপ্রদেশ হাইকোর্টের আদলে দেশের সমস্ত হাইকোর্টকে ‘অনলাইন ক্রিমিনাল জাস্টিস ইকোসিস্টেম’ গড়ে তোলার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে আদালত, পুলিশ এবং জেল কর্তৃপক্ষের মধ্যে মুক্তির নির্দেশ ও যাবতীয় নথি তাৎক্ষণিক আদান-প্রদান সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 All Rights Reserved.

Powered by : 24 Ghanta Bangla News