লোধা শরব গ্রামে পাঠশালা চালায় পুলিশ, শেখায় ক্যারাটে
সমীর মণ্ডল, শালবনি
কখনও তাঁদের দেখা যায় পিস্তল হাতে দুষ্কৃতী ধরতে। আবার কখনও রাত জেগে টহল দেন বিভিন্ন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষা করা তাঁদের কাজ। তবে তার মধ্যেই সময় বার করে দুঃস্থ ছেলেমেয়েদের পড়ানোরও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পুলিশ। শালবনিতে সেই ছবিই ধরা পড়ল। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শালবনি থানা এলাকায় চলছে একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি।
কোথাও দুঃস্থ ছেলে-মেয়েদের জন্য পাঠশালা, কোথাও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং, আবার মেয়েদের আত্মরক্ষার জন্য চলছে ক্যারাটে প্রশিক্ষণও। কখনও পুলিশ নিজেরাই ক্লাস নিচ্ছেন। আবার কখনও স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকা দ্বারাও চলছে পড়াশোনা।
লোধা-শবর অধ্যুষিত শালবনির বুড়িশোল এলাকায় গত প্রায় আড়াই-তিন বছর ধরে পুলিশের উদ্যোগে চলছে পাঠশালা। সেখানে নিয়মিত এক-দু’জন স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকা পড়াশোনা করান। এলাকার দুঃস্থ পরিবারের ছেলে-মেয়েদের পড়াশোনার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
অন্য দিকে, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য শালবনি থানা এলাকায় ‘প্রস্তুতি’ নামে তিনটি বিনামূল্যের কোচিং সেন্টার চালু হয়েছে। শালবনি, গোবরু এবং পিড়াকাটায় চলছে এই প্রশিক্ষণ। নিয়মিত সেখানে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার কথা মাথায় রেখে শালবনি স্টেডিয়াম এবং পিড়াকাটায় চলছে ক্যারাটে প্রশিক্ষণ। নিয়মিত এই কর্মসূচিগুলির খোঁজখবর রাখছেন শালবনি থানার পুলিশ আধিকারিকরা।
চাকরিপ্রার্থী প্রসেনজিৎ মাহাতো বলেন, ‘চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বাইরে গিয়ে কোচিং করা অনেকের পক্ষেই সম্ভব নয়। বিনামূল্যে এই প্রশিক্ষণ পেয়ে আমরা উপকৃত হচ্ছি। নিয়মিত পড়াশোনা করার একটা পরিবেশও তৈরি হয়েছে।’ ক্যারাটে প্রশিক্ষণরত তরুণী প্রিয়া মান্নার কথায়, ‘আত্মরক্ষার কৌশল শেখা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশিক্ষণ নেওয়ার ফলে আত্মবিশ্বাসও বাড়ছে। পুলিশের এই উদ্যোগে আমরা আপ্লুত।’
জগন্নাথ মাহাতো নামে এক অভিভাবক বলেন, ‘আগে ছেলেমেয়েদের পড়াশোনা বা চাকরির প্রস্তুতির জন্য অনেক দূরে যেতে হতো। এখন এলাকায় এই সুযোগ তৈরি হয়েছে। পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ আরও এক অভিভাবকের কথায়, ‘শুধু নিরাপত্তা নয়, ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়েও পুলিশ ভাবছে—এটা আমাদের কাছে বড় বিষয়। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।’
বিধানসভা নির্বাচনের পরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা মহিলাদের স্বনির্ভরতার উপরে বিশেষ জোর দিয়েছেন। জেলার বিভিন্ন থানা এলাকায় ‘প্রস্তুতি’ নামে বিনামূল্যের কোচিং সেন্টার চালুর পাশাপাশি সচেতনতা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শালবনিতে পুলিশের এই উদ্যোগ একদিকে যেমন শিক্ষার সুযোগ বাড়াচ্ছে, তেমনই চাকরির প্রস্তুতি ও আত্মরক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ।
শালবনি থানার আইসি সৌরভ ঘোষ বলেন, ‘আমাদের পুলিশ সুপার এই বিষয়ে খুবই উদ্যোগী। হাজার ব্যস্ততার মাঝেও তিনি এই সব বিষয়ে খোঁজখবর রাখেন। স্কুলে স্কুলে গিয়ে ছেলে-মেয়েদের উৎসাহিত করছেন। বাল্যবিবাহ বন্ধ করতে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন। ছেলে-মেয়েদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন।’