‘মাত্র একটিই পড়ে আছে…’, প্রিন্স উইলিয়ামের পরা ‘সোল্ড আউট’ নেহরু জ্যাকেটের দাম জানেন?
স্ত্রী কেট মিডলটনের ফ্যাশন নিয়ে চর্চা তো বরাবরই হয়, তবে এ বার মুম্বই সফরে এসে ফ্যাশন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিলেন খোদ প্রিন্স উইলিয়াম! সোমবার মুম্বইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন তেন্ডুলকর এবং স্কুলপড়ুয়াদের সঙ্গে গলি ক্রিকেট খেলার সময় প্রিন্স অফ ওয়েলসের পরনে থাকা নেভি-ব্লু রঙের স্লিভলেস নেহরু জ্যাকেটটি রাতারাতি হটকেক-এ পরিণত হয়েছে। ১৭,৫০০ টাকা মূল্যের এই বিশেষ জ্যাকেটটি ইতিমধ্যেই প্রায় ‘সোল্ড আউট’ বা বিক্রি হয়ে যাওয়ার পথে। সবচেয়ে বড় কথা হলো, রাজপুত্রের পরনের এই জ্যাকেটটি বোনা হয়েছে বাংলার তাঁতিদের হাতে!
কার ডিজ়াইন করা এই জ্যাকেট? জড়িয়ে বাংলার কোন শিল্পীদের নাম?
প্রিন্স উইলিয়ামের এই নজরকাড়া নেহরু জ্যাকেটটি তৈরি করেছে ভারতীয় মেনসওয়্যার ব্র্যান্ড ‘কার্দো’ (KARDO), যার প্রতিষ্ঠাতা ব্রিটিশ-ভারতীয় ডিজ়াইনার রিকি খের।
-
বাংলার হস্তশিল্পের ছোঁয়া: জ্যাকেটটির আসল বিশেষত্ব লুকিয়ে রয়েছে এর কাপড়ে। ‘গ্লোকাল উইভস’-এর সহযোগিতায় দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় এই বিশেষ ‘এক্সট্রা-ওয়েফট’ সুতির কাপড়টি তৈরি করা হয়েছে।
-
কারা বুনলেন?
-
পশ্চিমবঙ্গের হরালি গ্রামের দুই দক্ষ তাঁতশিল্পী নিতাই মান্না এবং ব্রজকিশোর মাইতি নিজেদের হাতের জাদুতে তাঁতে এই কাপড়টি বুনেছেন।
কেন বিশেষ এই ‘এক্সট্রা-ওয়েফট’ বুনন?
‘এক্সট্রা-ওয়েফট’ হলো এক সূক্ষ্ম হস্তচালিত বুনন পদ্ধতি, যেখানে কাপড়ের জমিতে আলাদা সুতো যোগ করে হাতে নকশা ও মোটিফ ফুটিয়ে তোলা হয়। প্রতিটি নকশা অত্যন্ত ধৈর্য ও নিখুঁত দক্ষতার সাথে বুনতে হয়। টু-প্লাই কটন দিয়ে তৈরি এই মাঝারি ওজনের কাপড়টি ভারতীয় বয়নশিল্পের ঐতিহ্য ও আধুনিকতার এক অনবদ্য মেলবন্ধন। ডিজ়াইনার রিকি খের জানান, শুরুতে উইলিয়ামের পোশাকের তালিকায় এই জ্যাকেটটি ছিল না। পরে তাঁকে এমন কিছু উপহার দেওয়ার কথা ভাবা হয়, যা একদিকে ভারতীয় ঐতিহ্য বহন করবে, আবার দেখতেও হবে আধুনিক। উইলিয়ামের উচ্চতা, নীল চোখ এবং ব্যক্তিত্বের কথা মাথায় রেখেই এই নেভি-ব্লু রঙটি বেছে নেওয়া হয়েছিল।
স্টকে পড়ে আছে মাত্র একটি জ্যাকেট!
প্রিন্স উইলিয়ামের ছবি প্রকাশ্যে আসতেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে এই জ্যাকেটটি কেনার হিড়িক পড়ে গিয়েছে। ডিজাইনার রিকি খের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের কাছে এই নির্দিষ্ট ডিজ়াইনের আর মাত্র একটি জ্যাকেটই পড়ে আছে। সম্ভবত আগামীকালের মধ্যেই সেটিও বিক্রি হয়ে যাবে।’ নিজের ব্র্যান্ডের সাফল্যের চেয়েও বাংলার প্রান্তিক তাঁতশিল্পীদের এই আন্তর্জাতিক স্বীকৃতিতেই বেশি খুশি ডিজ়াইনার। ইতিমধ্যেই বাংলার ওই দুই শিল্পীকে খবর দেওয়া হয়েছে যে, ব্রিটিশ রাজপুত্র তাঁদের হাতে বোনা কাপড়ের জ্যাকেট পরেছেন—যা নিঃসন্দেহে বাংলার তাঁতশিল্পের জন্য এক বড় সম্মান।