বৈধ থার্ড-পার্টি বিমা নেই ? ধরা পড়লেই ১০,০০ পর্যন্ত জরিমানা - 24 Ghanta Bangla News
Home

বৈধ থার্ড-পার্টি বিমা নেই ? ধরা পড়লেই ১০,০০ পর্যন্ত জরিমানা

Spread the love


নয়াদিল্লি: জাতীয় সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে (Vehicle Insurance)নিয়মকানুন আরও কঠোর করতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। এবার থেকে গাড়ির বৈধ থার্ড-পার্টি বিমা বা…

নয়াদিল্লি: জাতীয় সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে (Vehicle Insurance)নিয়মকানুন আরও কঠোর করতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। এবার থেকে গাড়ির বৈধ থার্ড-পার্টি বিমা বা ইনস্যুরেন্স না থাকলে কিংবা বিমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে টোল প্লাজা পার হওয়ার সাথে সাথেই ধরা পড়ে যাবেন গাড়ির মালিকরা। হতে পারে ১০,০০০ অবধি জরিমানা।

নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় টোল প্লাজা অতিক্রম করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গাড়ির মালিকের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস (SMS) সতর্কবার্তা পৌঁছে যাবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এনএইচএআই-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে দিল্লির মুন্ডকা টোল প্লাজায় (আর্বান এক্সটেনশন রোড-২ বা এনএইচ-৩৪৪এম) এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রায়াল সফল হলে খুব শীঘ্রই দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজায় এই পদ্ধতি কার্যকর করা হবে।

আরও দেখুনঃ বড় সিদ্ধান্ত! আগামী সপ্তাহ থেকেই টিকিট কেটে দেখা যাবে কেজরির শিশ মহল

এনএইচএআই সূত্রে জানা গিয়েছে, (Vehicle Insurance )এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং রিয়েল-টাইমে কাজ করবে। যখনই কোনও গাড়ি টোল প্লাজার লেন দিয়ে অতিক্রম করবে, তখনই টোল প্লাজার সিস্টেম গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে সরাসরি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) পরিচালিত কেন্দ্রীয় ‘বাহন’ (VAHAN) ডেটাবেসে পাঠিয়ে দেবে। সেখানে ব্যাকএন্ড প্রযুক্তির মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যেই যাচাই করা হবে যে ওই গাড়িটির থার্ড-পার্টি বিমা সক্রিয় রয়েছে কি না।

যদি ডেটাবেসে দেখা যায় যে গাড়িটির বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথবা গাড়িটির কোনও বৈধ বিমা নেই, তবে সঙ্গে সঙ্গে গাড়ির মালিকের মোবাইলে একটি সতর্কতামূলক এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ঠিক কোন সময়ে গাড়িটি টোল প্লাজা পার হয়েছে এবং কবে বিমার মেয়াদ শেষ হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। পাশাপাশি, মোটর ভেহিকেলস আইনের আওতায় বড়সড় জরিমানা এড়াতে দ্রুত বিমা পলিসি রিনিউ বা নবীকরণ করার পরামর্শও দেওয়া হবে ওই বার্তায়।

ভারতীয় মোটর ভেহিকেলস আইন অনুযায়ী, দেশের রাস্তায় চলাচলকারী প্রতিটি যানবাহনের ক্ষেত্রে অন্ততপক্ষে থার্ড-পার্টি বিমা থাকা বাধ্যতামূলক। বর্তমান আইন অনুসারে, যদি কোনও গাড়ি বৈধ বিমা ছাড়া রাস্তায় ধরা পড়ে, তবে প্রথমবার অপরাধের ক্ষেত্রে গাড়ির মূল প্রিমিয়ামের তিন গুণ অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি হবে) জরিমানা দিতে হতে পারে।

আর একই ভুল দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে ধরা পড়লে জরিমানার অঙ্ক বেড়ে মূল প্রিমিয়ামের পাঁচ গুণ অথবা ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। (Vehicle Insurance)এছাড়াও আইন অনুযায়ী কারাদণ্ড বা উভয় দণ্ডের সংস্থানও রয়েছে। আপাতত এই পাইলট প্রকল্পের মাধ্যমে সরাসরি ই-চালান কাটার বদলে গাড়ির মালিকদের সচেতন করা এবং সময়মতো বিমা রিনিউ করার জন্য তাগিদ দেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে এই তথ্য পরবর্তীতে পরিবহণ দফতরের নজরদারির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সড়ক পরিবহণ মন্ত্রক ও এনএইচএআই-এর আধিকারিকদের মতে, দেশের জাতীয় সড়কগুলিতে বিমাহীন গাড়ির সংখ্যা দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গাড়ির মালিকরা অবহেলাবশত বা মনে না থাকার কারণে বিমা রিনিউ করেন না।

কিন্তু এই ধরনের বিমাহীন গাড়ি যখন কোনও পথদুর্ঘটনার কবলে পড়ে, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃতের পরিবার আইনি ও আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে চরম বিপাকে পড়েন। থার্ড-পার্টি বিমা থাকলে দুর্ঘটনায় আহত বা নিহত তৃতীয় পক্ষের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়। তাই সাধারণ মানুষকে সময়মতো বিমা নবীকরণে উৎসাহিত করতে এবং সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রযুক্তির সাহায্য নিয়ে এই অভিনব উদ্যোগ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *