‘বাদের তালিকায় আমার নামও রাখুন…’, CSK-র বৈঠকে আচমকাই বোমা ফাটান ধোনি
CSK-র তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একটি ভিডিয়োয় রূপা বলেন, ‘শনিবার আমরা দল থেকে কাদের ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে বৈঠক করছিলাম। পরের মরশুমের পরিকল্পনা, কাদের নেওয়া উচিত, সে সব নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বৈঠকের একেবারে শেষে কাশী যখন ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা পড়ছিল, তখন খুব শান্ত ভাবে এমএস বলল, হয়তো আমার নামটাও তালিকায় যোগ করা উচিত।’
ধোনির মুখে এই কথা শুনে সবাই কার্যত হতবাক হয়ে যান। এর পরেই আচমকা বন্ধ হয়ে যায় ভিডিয়ো কল। রূপা মজার ছলে জানান, তিনি আবার ফোন করে বলেছিলেন, ‘আপনারা বিশ্বাস করবেন না, ধোনি কথাটা বলার সঙ্গে সঙ্গেই ভিডিয়ো কল মাঝপথেই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমি আবার ফোন করে বলেছিলাম, মনে হচ্ছে আগামী মরশুমে আপনি যে খেলতে পারবেন না, এটা ইন্টারনেটও মেনে নিতে পারল না!’
সেরাটা দিতে না পারলে খেলতে চান না ধোনি
রূপা জানান, কয়েক মাস আগেই তাঁর সঙ্গে দেখা হওয়ার সময় আগামী মরশুমে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ধোনি। দলের জন্য নিজের সেরাটা দিতে না পারলে মাঠে নামতে চান না তিনি। রূপার দাবি, ‘এমএস ধোনি এমন একজন মানুষ, যিনি দলকে নিজের ২০০ শতাংশ দিতে না পারলে খেলবেন না। দলের পথে বাধা হয়ে দাঁড়াতে চান না। নিজের সেরাটা দিতে চান। যখন সেটা পারবেন না, তখন নিজেই সরে দাঁড়াবেন।’