দিল্লিতে ফের বিপর্যয়! বাড়ির ছাদ ধসে মৃত শিশু-সহ দুই, ধ্বংসস্তূপে আটকে ৬ - 24 Ghanta Bangla News
Home

দিল্লিতে ফের বিপর্যয়! বাড়ির ছাদ ধসে মৃত শিশু-সহ দুই, ধ্বংসস্তূপে আটকে ৬

Spread the love


নয়াদিল্লি: ফের বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা দিল্লিতে। মঙ্গলবার পূর্ব দিল্লির কস্তুরবা নগরে একটি বাড়ির ছাদ ধসে মৃত্যু হল তিন বছরের শিশু-সহ দু’জনের। মৃতদের মধ্যে রয়েছেন…

নয়াদিল্লি: ফের বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা দিল্লিতে। মঙ্গলবার পূর্ব দিল্লির কস্তুরবা নগরে একটি বাড়ির ছাদ ধসে মৃত্যু হল তিন বছরের শিশু-সহ দু’জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৩৫ বছরের পিন্টু নামে এক ব্যক্তি। বাড়িটিতে মোট আটজন ভাড়াটে থাকতেন। তাঁদের মধ্যে ছ’জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে খবর।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। আটকে পড়া ব্যক্তিদের বের করে আনতে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারীদের সাহায্য করছেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ছ’জনের খোঁজ চালানো হচ্ছে।

ঘটনাস্থলে যান বিজেপির কাউন্সিলর পঙ্কজ লুথরাও। তাঁর দাবি, বেআইনি নির্মাণ এবং জমি দখলের কারণেই এই বিপর্যয় ঘটেছে। যে জমির উপর বাড়িটি তৈরি হয়েছিল, সেটি রেলের সম্পত্তি বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, গত পাঁচ-ছয় দশক ধরে ওই জমি দখল করে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে।

দিল্লিতে গত প্রায় এক মাসের মধ্যে বাড়ি বা নির্মীয়মাণ ভবন ভেঙে পড়ার এটি চতুর্থ বড় ঘটনা। গত ১৫ নভেম্বর মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় হোটেল তৈরির কাজ চলাকালীন একটি ভবনের একাংশ ভেঙে পড়ে। তাতে আহত হন আটজন। দ্বিতীয় তলের ছাদের ঢালাইয়ের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে পরিদর্শনে দেখা যায়, ভবনের স্তম্ভগুলি ভিজে ছিল এবং বাড়িটি হেলে পড়েছিল।

এর আগে ৫ নভেম্বর পুরনো দিল্লির ছাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা নির্মীয়মাণ ভবন ভেঙে পড়ে। মৃত্যু হয় দু’জনের। ধ্বংসস্তূপের নীচে আরও ছ’জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছিল। সরু গলির কারণে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে উদ্ধারকারীদের হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে হয়।

গত ২৬ অক্টোবর উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির কাঠামো। মৃত্যু হয় ৬০ বছরের চন্দরপাল এবং তাঁর ৩৩ বছরের ছেলে বিজয় কুমারের। বাড়িটির একতলায় গুদাম ছিল। সেই অংশের পাশাপাশি প্রথম তলার কাঠামোও ভেঙে পড়ে। রাতভর উদ্ধারকাজ চালানোর পর দু’জনের দেহ উদ্ধার করা হয়।

চিনা অস্ত্রে সাজানো পাক সেনা, ভারতের প্রস্তুতি নিয়ে বড় বার্তা নৌপ্রধানের

SIR নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে জেরার অনুমতি চাইল বিরোধীরা! জমা ৪৮টি প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *