সাড়ে ৩০০ বছর প্রাচীন জগদ্ধাত্রী পুজো, স্বপ্ন দেশ পেয়েই দেবীর পায়ে পরানো হয় আলতা - 24 Ghanta Bangla News
Home

সাড়ে ৩০০ বছর প্রাচীন জগদ্ধাত্রী পুজো, স্বপ্ন দেশ পেয়েই দেবীর পায়ে পরানো হয় আলতা

Spread the love

মহম্মদ মহসিন জয়পুর

জয়পুর থানার খালনা গ্রাম এমনিতে লক্ষ্মীপুজোর জন্য বিখ্যাত। তবে এই গ্রামে লক্ষ্মীপুজো শুরু হওয়ার আগে, বাংলার ১১৪২ সালে, প্রায় ৩৫৪ বছর আগেই খালনায় ব্যানার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন হয়েছিল। এই রকমই দাবি খালনা গ্রামের ব্যানার্জি পরিবারের প্রবীণদের। পুজোর ইতিহাস বলতে গিয়ে বাড়ির প্রবীণ সদস্য মহাদেব বন্দ্যোপাধ্যায় জানান, এই পুজো ঘিরে একাধিক অলৌকিক ঘটনার সাক্ষী আজও রয়েছে।

তিনি জানান, ৩৫৪ বছর আগে বাংলার ১১৪২ সালে তাঁদের পূর্বপুরুষ রামকল্প বন্দোপাধ্যায়ের পুত্র সর্বেশ্বর বন্দ্যোপাধ্যায় এই পুজোর প্রবর্তন করেন। সর্বেশ্বর ছিলেন তদানীন্তন বর্ধমান মহারাজের অধীনস্থ খালনার জমিদার। সেই সময় খালনা এলাকা ফি’বছর বন্যায় ভেসে যেত। সেই সময়েই জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত। তখন থলিয়া গ্রামের আদক পরিবার প্রতিমা তৈরি করত। বর্তমানে ওই পরিবারের সদস্য দীনু পাল আজও প্রতিমা নির্মাণ করছেন।

অলৌকিক ঘটনার কথা প্রতিটি প্রাচীন পারিবারিক পুজোর সঙ্গেই অঙ্গাঙ্গী জড়িত। এমনই এক কাহিনির কথা বলতে গিয়ে তিনি জানান, একবার প্রতিমা তৈরির সময়ে হঠাৎ ঝড়-বৃষ্টি হচ্ছিল। প্রতিমা শিল্পী বয়সের ভারে ন্যুব্জ। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্য দিকে বয়সের ভার। জগদ্ধাত্রী প্রতিমার এক পায়ে আলতা দিয়ে অন্য পায়ে আলতা পরাতে ভুল হয়ে যায় বৃদ্ধ শিল্পীর। তিনি প্রতিমার সাজ পরিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এই সময়ে ওই শিল্পী স্বপ্নাদেশ পান স্বয়ং জগদ্ধাত্রীর কাছ থেকে।

মা তাঁর গায়ে ধাক্কা দিয়ে বলেন ‘কী রে, সকাল হলে আমার পুজোর ঘট ডুববে আর তুই আমার এক পায়ে আলতা পরিয়ে, অন্য পায়ে আলতা না দিয়েই চলে এলি?’ তখন শিল্পী সেই মধ্যরাত্রেই এসে মাকে নাক–কান মুলে ক্ষমা চেয়ে আলতা পরিয়ে যান। অন্য এক অলৌকিক ঘটনার কথা জানা গেল পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যা পূজা ব্যানার্জির কাছ থেকে। তিনি জানান, প্রতি বছর পুজোর সময়ে বলি হিসেবে অন্যান্য জিনিসের সঙ্গে চারটি চালকুমড়ো দেওয়ার প্রথা রয়েছে।

এক বছর জগদ্ধাত্রী পুজোর আগেই খালনা এলাকায় বড় ধরনের বন্যা হয়েছিল। সেই কারণে অন্যান্য ফসলের সঙ্গে একসঙ্গে চারটি চালকুমড়ো কোনওমতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। দু’টো চালকুমড়ো পাওয়া গেলেও, বাকি দুটি অমিল। এই সময়ে ওই পরিবারের মাথা প্রয়াত ক্ষিতীশচন্দ্র ব্যানার্জি এবং প্রয়াত হরসুন্দরী ব্যানার্জি খুব চিন্তায় ছিলেন। হঠাৎ করে জগদ্ধাত্রী পুজোর দিন এক বয়স্ক মহিলা একটি ঝুড়িতে দু’টি চালকুমড়ো নিয়ে আসেন এবং বলেন, ‘মা, দু’টি চালকুমড়ো বেঁচে আছে, একটু কিনে নেবে?

তাহলে আমি বাড়ি যেতে পারি। বাকি আমার সব বিক্রি হয়ে গিয়েছে। এই কথা শুনে তড়িঘড়ি হরসুন্দরী ব্যানার্জি ওই চালকুমড়ো গ্রহণ করেন এবং বাড়ির ভিতর থেকে পয়সা আনার জন্য তাঁকে অল্প কিছু সময় অপেক্ষা করতে বলেন। বাড়ির ভিতর থেকে এসে তিনি ওই মহিলাকে আর খুঁজে পাননি। চালকুমড়ো দু’টি উঠোনেই রাখা ছিল।

আর একটা কাহিনি এই রকম: এই পুজোয় প্রতি বছর প্রতিমার কাছে আরতির সময়ে দিনের বেলায় কালো ভ্রমর ও রাতের বেলা কালো রঙের মথের দেখা মেলে। ব্যানার্জি পরিবারের বিশ্বাস, এই কালো ভ্রমর বা কালো মথ রূপ ধারণ করে জগদ্ধাত্রীর আগমন ঘটে। এই প্রসঙ্গ উল্লেখ করে মহাদেব ব্যানার্জি জানান ২০২৫ সালের ঘটনা। সেই বছর কালো ভ্রমর ও কালো মথের দেখা মেলেনি। এই অবস্থায় মনমরা হয়ে মহাদেব জগদ্ধাত্রী মায়ের কাছে বলেন, ‘আমাদের কী অন্যায় হয়েছে মা, যে তোমার দেখা পেলাম না!

মহাদেব বলেন, ‘আমার প্রার্থনার পরে পরেই হঠাৎ অলৌকিক ভাবে আমার হাতের উপরে কালো মথ এসে বসে। পরে সেই মথ মায়ের মূর্তিতে গিয়ে বসে। হাতের উপরে কালো মথ নিয়ে পরিবারের সদস্যদের দেখাই। এমনকী, পরিবারের আত্মীয় সৈকত মণ্ডলকে দিয়ে মোবাইলে ওই দৃশ্য তুলে রাখা হয়। পরে সেই কালো মথকে একটি গাছের উপরে ছেড়ে দেওয়া হয়।’

ব্যানার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজো নিয়ে এই রকম অলৌকিক কাহিনির শেষ নেই। এককালে এই পুজো খুব জাঁকজমক ভাবে হতো, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমানে সেই জাঁক কমলেও, নিষ্ঠা ও আভিজাত্যের কোনও খামতি নেই। এই পুজোয় মাকে দেড় মণ আতপ চালের ভোগ দেওয়া হয়। মাকে মাছের ভোগ, লুচি, ক্ষির, পায়েস ও পিঠেও দেওয়া হয়।

নবমীতে চারটি চালকুমড়ো ও চারটি আখ বলি দেওয়া হয়। সন্ধিপুজোর সময় ১০৮ প্রদীপ জ্বেলে সন্ধ্যারতি হয় | এই পুজোর সঙ্গে বংশের পুরাতন শিব মন্দিরেও পুজো হয়। অষ্টমী ও নবমী পুজোর পরে রীতি মেনে ধুনো পোড়ানো হয়। দশমীর সন্ধ্যায় ন’জন মহিলা মাকে বরণ করেন, এর পরে মাকে সিঁদুর পরিয়ে সবাই সিঁদুর খেলায় মেতে ওঠেন | সিঁদুর খেলার পরে মাকে বাড়ির পুকুরে বিসর্জন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *