বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে মুনির-শাহবাজ, তালিকায় একমাত্র ভারতীয় কে?
কলকাতা: বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় বড়সড় উত্থান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় যৌথ ভাবে প্রথম স্থান…
কলকাতা: বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় বড়সড় উত্থান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় যৌথ ভাবে প্রথম স্থান পেয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে একই জায়গায় রয়েছেন সৌদি আরবের বাদশাহ সলমন, যুবরাজ মহম্মদ বিন সলমন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান। জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত এই তালিকায় প্রথম ৫০ জনের মধ্যে জায়গা পেয়েছেন একমাত্র ভারতীয় মৌলানা মাহমুদ মাদানি।
জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মাদানির স্থান ১৮ নম্বরে। গত বছরের তুলনায় দু’ধাপ নেমেছে তাঁর অবস্থান। সংগঠনটির প্রতিষ্ঠা ১৯১৯ সালে। দেওবন্দি ধর্মীয় পণ্ডিতদের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন দীর্ঘদিন ধরেই ধর্মের ভিত্তিতে জাতীয় পরিচয় নির্ধারণের বিরোধিতা করে এসেছে।
১৯৯২ সালে দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করেন মাদানি। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত জমিয়তের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন তিনি। পরে সংগঠনের সর্বভারতীয় সভাপতি হন। তাঁর দাদু হুসেন আহমদ মাদানি এবং বাবা আসাদ মাদানিও এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।
সংখ্যালঘুদের অধিকার, নাগরিকত্ব, ধর্মীয় স্বাধীনতা এবং সন্ত্রাসবাদে মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আইনি সহায়তার ক্ষেত্রে মাদানির ভূমিকার কথা উল্লেখ করেছে রিপোর্ট। ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তাঁর অবস্থানও গুরুত্ব পেয়েছে। গাজায় ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে সমালোচনা এবং প্যালেস্তিনীয়দের অধিকারের পক্ষে তাঁর বক্তব্যও তালিকায় উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, গত অগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এই পাঁচ নেতাকে একই সঙ্গে প্রথম স্থানে তুলে এনেছে। চুক্তির মূল শর্ত, কোনও এক সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হলে তা বাকি সদস্যদের উপরও হামলা বলে গণ্য হবে।
২০২৬ সালের তালিকায় মুনির ও শাহবাজ প্রথম ৫০ জনের মধ্যে ছিলেন না। তাঁদের নাম ছিল বাকি ৪৫০ জনের তালিকায়। এক বছরের ব্যবধানে সেখান থেকে সরাসরি যৌথ প্রথম স্থানে উঠে এসেছেন তাঁরা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। তৃতীয় স্থানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লা এবং কাতারের আমির শেখ তামিম। প্রথম ৫০ জনের তালিকায় আরও রয়েছেন ইয়েমেনের হুথি নেতা আবদুল মালিক আল-হুথি, আফগানিস্তানের তালিবান প্রধান হাইবাতুল্লা আখুন্দজাদা এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।
ভারতের অন্য যাঁদের নাম রয়েছে ৫০০ জনের তালিকায়, তাঁদের মধ্যে আছেন আসাদউদ্দিন ওয়েইসি, জাকির নায়েক, আজিম প্রেমজি এবং দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা সৈয়দনা মুফাদ্দল সইফুদ্দিন। শাহরুখ খান, আমির খান, সলমন খান, শাবানা আজমি এবং এ আর রহমানও রয়েছেন তালিকায়। তবে প্রথম ৫০ জনের বাইরে তাঁদের নাম রয়েছে।
২০৭৫ র মধ্যেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থিনীতিতে পৌঁছবে পাকিস্তান! বার্তা শরীফের
হাসিনা ফিরলে মৃত্যদন্ড থেকে রক্ষা করার নিশ্চয়তা চাইল ব্রিটেন সরকার