পাঁচ IPL ট্রফি, ১৯ বছরের বন্ধন! CSK-তে এবার নতুন ভূমিকায় ধোনি

নয়াদিল্লি: ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কের ইতি মহেন্দ্র সিং ধোনির। তবে হলুদ জার্সির সঙ্গে তাঁর বন্ধন ছিন্ন হচ্ছে না। IPL ২০২৭ থেকে CSK-র…
নয়াদিল্লি: ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কের ইতি মহেন্দ্র সিং ধোনির। তবে হলুদ জার্সির সঙ্গে তাঁর বন্ধন ছিন্ন হচ্ছে না। IPL ২০২৭ থেকে CSK-র মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘ ১৯ বছরের এক বর্ণময় অধ্যায়ের পর এবার অন্য ভূমিকায় মাহি।
২০০৮ সালে IPL-এর প্রথম মরসুমেই ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তার আগেই তাঁর নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় ধোনিকে ঘিরে প্রত্যাশা থাকলেও CSK-র সঙ্গে তাঁর সম্পর্ক যে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধ্যায়ে পরিণত হবে, তা হয়তো কেউ ভাবেননি। পাঁচটি IPL ট্রফি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত এবং বিপুল সমর্থক, সব মিলিয়ে ধোনি ও CSK হয়ে উঠেছে একে অপরের সমার্থক।
ধোনির বিদায় প্রসঙ্গে আবেগঘন বার্তা দিয়েছেন CSK-র মালিক এন শ্রীনিবাসন। তাঁর কথায়, ‘মহেন্দ্র সিং ধোনি ছাড়া CSK-র অস্তিত্ব নেই।’ প্রায় দুই দশকের এই পথচলায় সাফল্য যেমন এসেছে, তেমনই এসেছে কঠিন সময়। কিন্তু পারস্পরিক বিশ্বাস কখনও নড়েনি। ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন শ্রীনিবাসন। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মানুষ হিসেবেও ধোনির প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানিয়েছেন তিনি। CSK-র পরিচয়ের সঙ্গে ধোনি চিরকাল জড়িয়ে থাকবেন বলেও জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজ়ির কর্ণধার।
দলের আর এক কর্ণধার রূপা গুরুনাথের বক্তব্য, ধোনির মতো ক্রিকেটার এক জীবনে একবারই আসেন। CSK-র গোড়ার দিন থেকেই তিনি দলের সঙ্গে রয়েছেন। তাঁর হাত ধরেই তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজ়ির ভিত। এবার মেন্টর হিসেবে তরুণ ক্রিকেটারদের পথ দেখাবেন মাহি। দলের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেটবোধ বড় সম্পদ হয়ে উঠবে বলে মনে করছে CSK।
ম্যানেজিং ডিরেক্টর কে এস বিশ্বনাথনও ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্কের কথা তুলে ধরেছেন। তাঁর মতে, ক্রিকেটার হিসেবে ধোনির সাফল্য যেমন স্মরণীয়, তেমনই শহরটির সঙ্গে তাঁর আত্মিক যোগও বিশেষ। ধোনি চেন্নাইকে আপন করে নিয়েছেন, পাল্টা তাঁকেও নিজেদের মানুষ হিসেবেই গ্রহণ করেছেন শহরবাসী।
পরিসংখ্যানেও CSK-তে ধোনির গুরুত্ব স্পষ্ট। ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে ৫৩১৪ রান করে তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৭২টি ম্যাচ খেলে CSK-র হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নজিরও তাঁর দখলে।
IPL ২০২৭-এর জন্য ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা সামনে এসেছে। গত কয়েক বছর ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছিল। হাঁটুর সমস্যার কারণে মাঠে তাঁর উপস্থিতিও আগের তুলনায় সীমিত হয়ে পড়েছিল। এবার ক্রিকেটারের ভূমিকা থেকে সরে এসে মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।
ধোনির উপস্থিতি যে CSK-র কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে তাঁর ছায়া থেকে বেরিয়ে নিজেদের নতুন করে গড়ে তোলাও এখন চেন্নাইয়ের সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে মাহির অভিজ্ঞতা, অন্যদিকে তরুণদের দায়িত্ব নেওয়ার পালা- ২০২৭ থেকে CSK-র সামনে শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়।
আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শো-কজ, জবাব তলব হাইকোর্টের
মোদীর নোট বন্দিতে ৩০ কোটির ক্ষতি! আন্দোলন নিশ্চিহ্ন নিয়ে অকপট মাও নেতা