দু'বছর পরে 'মুক্ত' মুজিবের সমাধিসৌধ, শ্রদ্ধা জানালেন নেতাকর্মীরা - 24 Ghanta Bangla News
Home

দু'বছর পরে 'মুক্ত' মুজিবের সমাধিসৌধ, শ্রদ্ধা জানালেন নেতাকর্মীরা

Spread the love

এই সময়, ঢাকা: রবিবার গোপালগঞ্জ সদরে আওয়ামি লিগ বিশাল মিছিলে রাস্তার দখল নেওয়ার পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামি লিগের দপ্তর পুনর্দখল করে খুলে দিলেন নেতাকর্মীরা। সোমবার সকালে কয়েকশো নেতা-কর্মী জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা ও আওয়ামি লিগের দলীয় পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

যাতে কেউ সেখানে শ্রদ্ধা জানাতে না-পারেন, প্রায় দু’বছর বন্ধ রাখা হয়েছিল এই সমাধিসৌধ। এ দিন থেকে বঙ্গবন্ধুর কবর সংলগ্ন মসজিদে নমাজও শুরু হয়েছে। বিকেল থেকে হাজারো মানুষ শেখ মুজিবের এই অবহেলিত সমাধিসৌধ দেখে ক্ষোভ জানান। এ দিন মিছিলে নেতৃত্ব দেওয়া শেখ ইফতি জামান পল্লব জানান, শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলন চলবে।

গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশের সঙ্গে ১০ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার (হেমগার্ড) মোতায়েন করেছে সরকার। পাঠানো হয়েছে অত্যাধুনিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)-ও। ড্রোন উড়িয়ে এবং সদস্যদের দেহে ক্যামেরা সংযোগ করে গোপালগঞ্জের আনাচে কানাচে নজরদারি চালাচ্ছে বিজিবি। হাসিনা-সহ দলের নেতারা ডিসেম্বরের আগে যাতে কোনও ভাবে ফিরে আসতে না পারেন, তার জন্য ভারত সীমান্তে আধুনিক সুরক্ষা ব্যবস্থা বসাচ্ছে বিজিবি। সীমান্তঘেঁষা যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও দিনাজপুরে ব্যাপক বিজিবি মোতায়েনের পাশাপাশি সাধারণ নাগরিকদের পাহারায় নিয়োগ করা হয়েছে।

বিজিবি-র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাংবাদিক বৈঠকে জানান, আওয়ামি লিগ নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তিনি সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করার কথা জানিয়ে বলেছেন, ও পার থেকে নেতারা কেউ সোজা পথে আসবেন না। বেনাপোল-পেট্রাপোল রাস্তায় পাঁচটি স্তরে বাড়তি চেক পোস্ট স্থাপনের তথ্য দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ লাগোয়া গোটা সীমান্তেই বাড়তি নজরদারির ব্যবস্থা হয়েছে।

জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলের জোট সোমবার জানিয়েছে, দু’টি শর্ত মেনে নিলে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আওয়ামি লিগ মোকাবিলায় মাঠে নামবে। ১১ দলের জোটের লিয়াজঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে সরকারের সঙ্গে থাকতে প্রস্তুত ১১ দল। তবে বিএনপি মনে করছে, জামায়াত আদতে বিএনপির দুর্বলতার সুযোগ নিয়ে ফায়দা লুটতে এমন প্রস্তাব হাজির করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *