‘আবারও আতঙ্ক ফিরে এসেছে’, দুই দোষীর জামিনে মুখ খুললেন বিলকিস বানো - 24 Ghanta Bangla News
Home

‘আবারও আতঙ্ক ফিরে এসেছে’, দুই দোষীর জামিনে মুখ খুললেন বিলকিস বানো

Spread the love


নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে ফের আতঙ্কিত বিলকিস বানো। ২০০২ সালের গণধর্ষণ ও খুনের মামলায় দুই সাজাপ্রাপ্তের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাঁদের জামিন দিয়েছে শীর্ষ…

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে ফের আতঙ্কিত বিলকিস বানো। ২০০২ সালের গণধর্ষণ ও খুনের মামলায় দুই সাজাপ্রাপ্তের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাঁদের জামিন দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু এই সিদ্ধান্তের আগে তাঁকে কোনও কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বিলকিসের। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই আদালতের নির্দেশের কথা জানতে পারেন তিনি। এই ঘটনায় পুরনো আতঙ্ক ফিরে এসেছে বলে জানিয়েছেন নির্যাতিতা।

আইনজীবী শোভা গুপ্তের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিলকিস জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তিনি বিস্মিত ও মর্মাহত। তাঁর বক্তব্য, এত বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়াই করার পরেও ফের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাঁকে। নিজের পাশাপাশি পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

২০০২ সালে গুজরাতের গোধরা-কাণ্ড পরবর্তী হিংসার সময় গণধর্ষণের শিকার হন বিলকিস। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই ঘটনায় তাঁর তিন বছরের মেয়ে সালেহা-সহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়।

বিলকিসের কথায়, সেই ভয়াবহ ঘটনার পর দীর্ঘ ২৪ বছর ধরে নিজের এবং দেশের অন্য মহিলাদের ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। মানুষের সমর্থন তাঁকে কঠিন সময়ে সাহস জুগিয়েছে। কিন্তু সাম্প্রতিক নির্দেশে সেই লড়াইয়ের অর্জন যেন আবার অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন তিনি।

বিলকিস স্পষ্ট জানিয়েছেন, এই নির্দেশকে চ্যালেঞ্জ করবেন তিনি। তাঁর কথায়, সন্তানদের যেন সারাজীবন ভয় ও অতীতের ক্ষত বয়ে বেড়াতে না হয়, সেই কারণেই লড়াই চালিয়ে যাওয়া জরুরি। নিহত মেয়ে সালেহার স্মৃতির প্রতিও ন্যায়বিচারের দায়ের কথা উল্লেখ করেছেন তিনি।

সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ বিলকিস বানো গণধর্ষণ ও খুনের মামলায় দোষী বিপিনচন্দ্র যোশী এবং প্রদীপ মোর্দিয়ার যাবজ্জীবন সাজা স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেছে। দুই সাজাপ্রাপ্ত ১৭ বছরেরও বেশি সময় কারাবন্দি রয়েছেন বলে আদালত উল্লেখ করেছে। তাঁদের মধ্যে একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের আপিল মামলায় কিছু আইনি ও তথ্যগত প্রশ্নের নিষ্পত্তি বাকি রয়েছে বলে জানিয়েছে বেঞ্চ।

ট্রায়াল কোর্টের নির্ধারিত শর্ত মেনেই তাঁদের মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই ব্যক্তি সেই ১১ জনের মধ্যে রয়েছেন, যাঁদের সাজা মকুবের সিদ্ধান্ত ২০২৪ সালের ৮ জানুয়ারি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সে সময় গুজরাত সরকারের ক্ষমতা প্রয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। আদালত জানিয়েছিল, সাজা মকুবের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার মহারাষ্ট্রের, গুজরাতের নয়।

 

বৈধ থার্ড-পার্টি বিমা নেই ? ধরা পড়লেই ১০,০০ পর্যন্ত জরিমানা

মোদীর নোট বন্দিতে ৩০ কোটির ক্ষতি! আন্দোলন নিশ্চিহ্ন নিয়ে অকপট মাও নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *