মাকে খুন করে নিজেই পুলিশে ফোন! হরিদেবপুরে গ্রেফতার ৬৭ বছরের ছেলে - 24 Ghanta Bangla News
Home

মাকে খুন করে নিজেই পুলিশে ফোন! হরিদেবপুরে গ্রেফতার ৬৭ বছরের ছেলে

Spread the love


কলকাতা: ৮৫ বছরের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার দুপুরে কলকাতার হরিদেবপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উমারানী ঘোষ।…

কলকাতা: ৮৫ বছরের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার দুপুরে কলকাতার হরিদেবপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উমারানী ঘোষ। অভিযুক্ত ছেলে সাগর ঘোষের বয়স ৬৭ বছর। মাকে খুনের পর নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের ইশাক মহম্মদ রোডের একটি বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকতেন সাগর। পেশায় ইঞ্জিনিয়ার হলেও বর্তমানে তাঁর কোনও চাকরি ছিল না। চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি অবসাদে ভুগছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তাঁর মা উমারানী। বৃদ্ধার চিকিৎসার খরচ নিয়েও পরিবারে আর্থিক টানাপড়েন চলছিল বলে প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, সোমবার দুপুরে বাড়িতে দড়ি দিয়ে মায়ের শ্বাসরোধ করেন সাগর। সেই সময় বাড়িতে ছিলেন না তাঁর বোন। পরে বাড়ি ফিরে মায়ের নিথর দেহ দেখতে পান তিনি। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।

তদন্তকারীদের কাছে এই ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, মাকে খুনের পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করেন। ফোনে গোটা ঘটনার কথা জানান বলে পুলিশের দাবি। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।

কী কারণে এমন ভয়ংকর ঘটনা ঘটালেন সাগর, তা এখনও পরিষ্কার নয়। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, সাম্প্রতিক সময়ে কোনও পারিবারিক বিবাদ তৈরি হয়েছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ২০১৯ সালে নিজের স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছিল সাগরের বিরুদ্ধে। ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী। পরে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন বলে স্থানীয় সূত্রে খবর।

এবার বৃদ্ধা মাকে খুনের অভিযোগে সাগরের গ্রেপ্তারি ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে উমারানীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর মৃত্যুর পরিস্থিতি ও ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

কলকাতার রিয়েল এস্টেটে ২৮০০ কোটির বাজি! FY27-এ তিন প্রকল্প সুগমের

কসবায় মন্দির থেকে শিবলিঙ্গ সরিয়ে আরসালান বিরিয়ানী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *