Vande Bharat Brake Fault: কাজ করছে না ব্রেক, সেভাবেই ৪৬৩ কিমি ছুটল বন্দে ভারত ট্রেন! আরেকটু হলেই… | Indian Railways: Vande Bharat Train Runs 463 Km with Faulty Brakes, Staff Even Ignored Complaints about Brake not Working
নয়া দিল্লি: বিরাট বড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা। ট্রেনের কোচের ব্রেকিং সিস্টেম কাজ করছে না, চালকের বারংবার সতর্কতা সত্ত্বেও ওভাবেই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত ট্রেন। দিন কয়েক আগেই যেখানে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার মুখে পড়েছিল, সেখানে এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ফের একবার প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে। উঠে এসেছে একাধিক গাফিলতির ছবিও।
দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) জোনে এই ঘটনাটি ঘটেছে। গত ৭ নভেম্বর রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তদন্তের নির্দেশ দেওয়ার পরই গোটা ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, গত ২৪ অক্টোবর একটি বন্দে ভারত ট্রেনে ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। সেই অবস্থাতেই ট্রেন ৪৬৩ কিলোমিটার ছোটে। গোটা ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নাহলে হাজার হাজার যাত্রীর প্রাণ বিপন্ন হতে পারত।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, বন্দে ভারত চেয়ার কারের রেক ফ্রেট লোকোমোটিভ বা মালগাড়িতে করে ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তর প্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেন ছাড়ার আগেই কর্মীরা সতর্ক করেছিলেন যে ব্রেকে সমস্যা হচ্ছে। কিন্তু সেই সতর্কবার্তায় কেউ কান দেননি। লোকোপাইলট ট্রেন নিয়ে রওনা দেওয়ার পর ব্রেক পাওয়ার টেস্ট করেন। তখন বুঝতে পারেন যে ব্রেকিং সিস্টেম প্রায় একেবারেই কাজ করছে না।
রেলের অর্ডারে উল্লেখ করা হয়েছে যে বন্দে ভারত ট্রেনের রেকের ব্রেকিং সিস্টেমের সঙ্গে যে মালগাড়ির ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছিল, তা যুক্ত করার কথা ছিল। কিন্তু সেই কাজ সঠিকভাবে হয়নি। রেলের কর্মীরা ট্রেন ছাড়ার আগেই এই বিষয় নিয়ে সতর্কও করেছিলেন, কিন্তু তাদের কথায় কর্ণপাত করা হয়নি।
অভিযোগ জানিয়েও লাভ হয়নি-
হাতিয়া থেকে রওনা দেওয়ার পর লোকো পাইলট যখন ব্রেক পরীক্ষা করেন, তখন দেখেন যে খুব খারাপ অবস্থা, ব্রেক প্রায় কাজই করছে না। কোনওভাবে রাঁচী পৌঁছেই লোকো পাইলট লিখিত অভিযোগ জানান সেকশন ও ট্রাকশন লোকো কন্ট্রোলারের কাছে। এরপরও ট্রেনটিকে উত্তর প্রদেশ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আরেকজন লোকো পাইলট, যিনি মুরি স্টেশন থেকে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন, তিনিও ব্রেকের সমস্যা নিয়ে কন্ট্রোলারের কাছে অভিযোগ জানান। তিনি রিপোর্টে উল্লেখ করেন যে ব্রেক পাইপ প্রেশার নামানোর পরও ব্রেক লাগছে না।
এরপরে দীন দয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছতে রেলের কর্মীরা আসেন। পরীক্ষা করে দেখা যায় ট্রেনের সমস্ত কোচের ব্রেকিং সিস্টেমই অচল হয়েছিল। শুধুমাত্র ইঞ্জিনের ব্রেকের ভরসায় বন্দে ভারত ট্রেনটি ৪৬৩ কিলোমিটার সফর করে। সামান্য ভুল হলেও, বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারত।
প্রাথমিক তদন্তে ক্যারেজ ও ওয়াগন কর্মীদের গাফিলতি যেমন উঠে এসেছে, তেমনই সেকশন ও ট্রাকশন কন্ট্রোলারদের গাফিলতিও ধরা পড়েছে, যাদের লোকো পাইলট বারংবার সতর্ক করার পরও তারা ট্রেনটি চালানোর অনুমতি দিয়েছিলেন।
রিপোর্টে উঠে এসেছে যে কর্মীরা গিয়ে প্রতিটি কোচের ব্রেক কাজ করছে কি না, তা পরীক্ষা করেননি। একাধিক কর্মীর গাফিলতি ধরা পড়েছে। রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।