NCPI: 'তারিখ পে তারিখ', এবার সুদীপ-কাকলিদের 'শেষ সুযোগ' স্পিকারের | Om Birla Sets November 24 Deadline for 20 NCPI MPs to Respond - 24 Ghanta Bangla News
Home

NCPI: ‘তারিখ পে তারিখ’, এবার সুদীপ-কাকলিদের ‘শেষ সুযোগ’ স্পিকারের | Om Birla Sets November 24 Deadline for 20 NCPI MPs to Respond

Spread the love

নয়া দিল্লি: ‘তারিখ পে তারিখ’। আবারও এনসিপিআইকে তারিখ বেঁধে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে, এটাই শেষ সময়। কেন সাংসদ পদ খারিজ নয়, তা জানাতে সুদীপ-কাকলিদের এবার চূড়ান্ত ডেডলাইন দিলেন স্পিকার। বেঁধে দেওয়া তারিখের মধ্যে এবার জবাব দিতেই হবে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের। লোকসভার সচিবালয় সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে।

৪ মে ভোটের রেজাল্টের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন ২০ জন সাংসদ। পালবাদলের পর পৃথক পরিচয়ে সংসদীয় পদ গঠন করতে চেয়ে এনসিপিআই পরিচয় নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। বাদল অধিবেশন শুরুর প্রায় এক মাস আগেই তাঁরা এই আবেদন জানিয়েছিলেন। এর ঠিক এক সপ্তাহ পরেই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ-কাকলিদের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ২০ জন সাংসদের নামে ২০টি আলাদা চিঠিও দেন তিনি। আইন অনুযায়ী, ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেন।

সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন অভিষেক। সেই মামলায় ওই সাংসদের বিরুদ্ধে নোটিসও জারি করে সুপ্রিম কোর্ট। স্পিকারের বক্তব্য ছাড়া নোটিস ইস্যু করা হবে না বলে উল্লেখ করে শীর্ষ আদালত। এরপর স্পিকারও ওই ২০ জন সাংসদকে নোটিস পাঠান। সাতদিনের ডেডলাইন দেওয়া হয়েছিল। ১ সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু কোনও জবাব দেননি এনসিপিআই সাংসদরা। এরপর থেকেই একের পর এক তারিখ কিনেছেন সুদীপ-কাকলিরা।

স্পিকার অফিস সূত্রে খবর, ২৪ নভেম্বর শেষ ‘সুযোগ’ দেওয়া হয়েছে ২০ জন সাংসদকে। ওই তারিখের মধ্যে জবাব দিতেই হবে সাংসদদের। তবে, জবাব না দিলে সমস্যায় পড়তে পারেন সুদীপরা। কারণ, সামনেই বিশেষ অধিবেশন রয়েছে সংসদে। সেখানে ডিলিমিটেশন,মহিলা আসন সংরক্ষণ বিল আসে, তাহলে সংবিধান সংশোধনী বিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লোকসভার দলনেতা হিসেবে হুইপ জারি করেন, সেই হুইপ প্রযোজ্য হবে তৃণমূল কংগ্রেসের ২৮ জনের সাংসদের উপরে। ২০ জন সাংসদ কিছুটা সমস্যা পড়তে পারেন। সেক্ষেত্রে, সাংসদরা জবাব শেষপর্যন্ত দেন কি না বা দিলেও স্পিকারের কি সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *