Nandakumar: শুভেন্দুর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা, খবর শুনে ক্ষুব্ধ CM | One bjp leader arrest for extortion in purba medinipur
নন্দকুমার: রাজ্যে পালাবদলের পর মাত্র ছ’মাসের মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের ঘটনা। অভিযুক্ত বিজেপি নেতার নাম অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১মণ্ডল কমিটির সহ সভাপতি। প্রতারিতরা বিজেপি নেতাদের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনা জানান। সবটা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে নির্দেশ পৌঁছয়। তারপর শীর্ষ নেতৃত্বের নির্দেশে ১১ নভেম্বর নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন অভিজিতের বিরুদ্ধে। রিপুঞ্জয়কে বিধানসভায় প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে অভিজিৎ ১২লক্ষ টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ। শনিবার অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তদন্তকারী অফিসার সন্তু সাঙ্কি তাঁকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করেন। বিচারক ধৃতকে দু’দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছেন।
অভিযোগকারী, বিজেপি নেতা রিপুঞ্জয়বাবু বলেন, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি চাকরিতে মেধা একমাত্র মাপকাঠি হিসেবে ধার্য হয়েছে। অথচ, তাঁর নাম ভাঙিয়ে আমাদের ওই গুণধর নেতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করানোর লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছেন। তারপর কলকাতার হোটেলে ১২লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা এখনও ফেরত পাইনি। একইভাবে ধাপ্পা দিয়ে আরেক নেতার কাছ থেকেও ছ’লক্ষ টাকা নিয়েছেন।”
সম্প্রতি উত্তরবঙ্গের অনেকে টাকা দিয়েও প্রতারিত হওয়ার পর স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়। তিনি সব শুনে চমকে যান। তারপরই অভিযুক্ত মণ্ডল কমিটির সহ সভাপতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ পাঠান। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রিপুঞ্জয়বাবু এনিয়ে থানায় এফআইআর করেন।
শনিবার বিকালে মুখ্যমন্ত্রী কাঁথি বাড়ি থেকে কলকাতা যাওয়ার পথে নন্দকুমারে দাঁড়িয়েছিলেন সেখানকার ওসি দিলীপকুমার গুপ্তা। মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে অভিজিতের বিষয়ে খবর নেন। ওসি জানান, বিকাল ৩টা ৩০মিনিটে গ্রেফতার হয়েছেন। ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ প্রসঙ্গে বিধায়ক রীতেশ তিওয়ারি বলেন, “সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। এই ধরনের কাজ যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছেন।”