Jensen Huang: কাজে নেমে পড়েছে 'ওয়ার রুম', পরকীয়া 'ভুলিয়ে' আবার Nvidia-তেই ফিরছেন জেনসেন? | Nvidia Former CEO Jensen Huang Eyes Comeback at Company amid Controversy, Allies Form War Room - 24 Ghanta Bangla News
Home

Jensen Huang: কাজে নেমে পড়েছে ‘ওয়ার রুম’, পরকীয়া ‘ভুলিয়ে’ আবার Nvidia-তেই ফিরছেন জেনসেন? | Nvidia Former CEO Jensen Huang Eyes Comeback at Company amid Controversy, Allies Form War Room

Spread the love

ওয়াশিংটন: আবার এনভিডিয়া (Nvidia)-এ ফিরছেন জেনসেন হুয়াং? সিইও পদে ইস্তফা দেওয়ার পর থেকেই কর্মীরা দাবি তুলেছিল, “আমাদের বসকে ফিরিয়ে আনো” (Bring Back Our Boss)। এবার জেনসেনকে ফেরাতে উঠে পড়ে লেগেছেন ইলন মাস্ক থেকে শুরু করে সিলিকন ভ্যালির একাধিক প্রভাবশালী ব্যক্তিরা। সত্যিই কি জেনসেন আবার এনডিভিয়ায় ফিরবেন নাকি পরকীয়া তাঁর জীবন, কেরিয়ারকে ধ্বংস করে দেবে?

বিশ্বজুড়ে এখন চর্চায় একটাই নাম, জেনসেন হুয়াং। এনভিডিয়া-র সহ প্রতিষ্ঠাতা তিনি। ব্যক্তিগত সম্পর্কের জেরে রাতারাতি খুইয়েছেন সব। ৩৩ বছর ধরে গড়ে তোলা বিশ্বের অন্যতম বড় চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া (Nvidia)-র সিইও পদ থেকেই ইস্তফা দিতে হয়েছে। অভিযোগ, অ্যালিস লি নামক যে চিনা মহিলার সঙ্গে জেনসেন বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন, সেই মহিলা চিনা গুপ্তচর হতে পারেন। চিনের একাধিক মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রয়েছে সিঙ্গাপুরের মেগাস্পিড সংস্থার প্রাক্তন কর্তার।

তবে জেনসেন ইস্তফা দিতে, ভালো নেই এনভিডিয়ার কর্মীরা। প্রাক্তন সিইও জেনসেন হুয়াংকে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। তাঁর পদত্যাগের পর সংস্থার নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার তাঁকে পুনরায় দায়িত্বে ফেরাতে উদ্যোগী হয়েছেন সিলিকন ভ্যালির একাধিক প্রভাবশালী প্রযুক্তি কর্তারা।  এমনকী, এনভিডিয়া (Nvidia)-র পরিচালন পর্ষদের উপর চাপ তৈরি করতে একজোট হচ্ছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন টেসলা (Tesla) ও স্পেস এক্স (SpaceX)-এর সিইও ইলন মাস্ক এবং এপিক গেমস (Epic Games)-এর সিইও টিম সুইনিও। ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হুয়াং নিজেও সংস্থায় ফেরার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করতে হয়েছিল হুয়াংকে। সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিড (Megaspeed)-এর এক্সিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে আসার পর সংস্থার অভ্যন্তরীণ নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি এনভিডিয়া-র স্বাস্থ্যপ্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। কিম্বারলি সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন। এই পরিস্থিতিতে হুয়াংয়ের পদত্যাগের কারণ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া (Nvidia)-র পরিচালন পর্ষদ।

হুয়াংকে ফেরাতে ‘ওয়ার রুম’ তৈরির পরিকল্পনা

হুয়াংকে ফেরানোর জন্য এবার বড়সড় প্রচারের পরিকল্পনা করছেন তাঁর ঘনিষ্ঠরা। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সিলিকন ভ্যালির প্রভাবশালী কর্তাদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ তৈরি করা হচ্ছে। এনভিডিয়া-র বোর্ডের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা চলছে। এই উদ্যোগে হুয়াংয়ের সম্মতি রয়েছে বলেও দাবি করা হয়েছে।

গত সপ্তাহ শেষে এই প্রচার আরও জোরদার হয়েছে। ইলন মাস্ক এবং এপিক গেমস-এর সিইও টিম সুইনি-সহ একাধিক প্রযুক্তি কর্তা হুয়াংকে ফেরানোর দাবিতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁদের উদ্যোগে প্রকাশিত একটি খোলা চিঠিতে এনডিভিয়া-র বোর্ডকে ‘Bring Jensen Back’ অর্থাৎ জেনসেনকে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। এনভিডিয়ার কর্মীরাও প্রকাশ্যে এই প্রস্তাবে সমর্থন করেছেন।

তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পথে বাধাও রয়েছে। রবিবার আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়া-র নেতৃত্বে বড়সড় পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, সংস্থার নেতৃত্বে আমূল রদবদল প্রয়োজন। এদিকে, অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস এবং সংস্থার ম্যানেজমেন্ট টিম নেতৃত্বের এই সংকট সামাল দেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার সংস্থার ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশের আগে পরিস্থিতি স্থিতিশীল করাই তাঁদের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *