Fire News: দাউদাউ করে জ্বলছে বিল্ডিং, সব পুড়ে ছাই থাইল্যান্ডের এই জনপ্রিয় দ্বীপে, মৃত্যু ১১ জনের | Thailand Fire: 11 Killed, 16 Injured in Massive Blaze at Phuket Commercial Building
ব্যাংকক: থাইল্যান্ডে ভয়াবহ আগুন (Thailand Fire)। জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেতে একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। তাঁদের মধ্যে কারও আগুনে (Fire News) পুড়ে মৃত্যু হয়েছে। আবার শ্বাসকষ্টে বেঘোরে প্রাণ হারিয়েছেন অনেকে। ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে এই ঘটনা ঘটে?
সোমবার ভোরের ঘটনা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৩টে ১৭ মিনিটে ফুকেতের পশ্চিম উপকূলে পাটং বিচের কাছে পাটং এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। মূলত প্রথমে একটি গাড়ি ভাড়ার বিল্ডিংয়ে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বিল্ডিংয়ে। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে।
অন্যদিকে, সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চারতলা একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ে একটি রেস্তরাঁ এবং ভাড়া ঘর ছিল। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এরপর ঘটনাস্থল থেকে ১১ জনের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এএফপির প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং ভাঙা কাচের আঘাতে জখম হয়েছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে থাইল্যান্ড ও মায়ানমারের নাগরিক রয়েছেন। যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।
পরপর অগ্নিকাণ্ডের ঘটনা
উল্লেখ্য, থাইল্যান্ডে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রগুলির অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর চার মাস আগে ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে জানিয়েছিল প্রশাসন।এরও আগে ২০০৯ সালে বর্ষবরণের রাতে ব্যাংককের সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৬৭ জনের। আহত হয়েছিলেন ২০০-রও বেশি মানুষ। পরপর এমন ঘটনায় থাইল্যান্ডের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে।