'উপহার নয়...', ঝুড়ি, বড়ি, আচার কিনলেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

'উপহার নয়…', ঝুড়ি, বড়ি, আচার কিনলেন মুখ্যমন্ত্রী

Spread the love

এই সময়, ঝাড়গ্রাম: হস্তশিল্পের স্টলে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী! সকলেই উচ্ছ্বসিত। কেউ সেলফির অনুরোধ করছেন। কেউ আবার উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিতে চাইছেন তাঁর স্টলের সেরা সামগ্রী। কিন্তু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপহার নয়, টাকা দিয়েই হস্তশিল্পের স্টল থেকে কিনলেন বাঁশের ছোট ঝুড়ি, বড়ি, আচারও হরেক কিসিমের খাবার।

রবিবার বেলপাহাড়ির সাহাড়িতে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনের জনসভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নেমে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। তারপরেই পরিদর্শন করেন হস্তশিল্পের স্টল। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ-সহ ১৪টি জেলার পাথর, সাবাই ঘাস-সহ নানা হস্তশিল্প, মশলা ও খাদ্যসামগ্রীর স্টল বসেছিল। একে একে সব স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, প্রথমেই তিনি ঝাড়গ্রাম জেলার স্টল ঘুরে দেখেন। পূর্ব বর্ধমানের স্টলে যেতেই বাঁশ দিয়ে তৈরি ঢাকনা দেওয়া ঝুড়ি পছন্দ করেন মুখ্যমন্ত্রী। স্টলের মহিলারা মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে ঝুড়ি দিতে চাইলে তিনি বলেন, ‘উপহার নয়, টাকা দিয়ে নেব।’ তারপরে ১০০ টাকা দামের পাঁচটি বাঁশের ঝুড়ি কেনেন তিনি। কেনার পরে সঙ্গে থাকা মন্ত্রী, বিধায়কদের একটি করে বাঁশের ঝুড়ি উপহার দেন মুখ্যমন্ত্রী। স্টলের মহিলারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করেন। মুখ্যমন্ত্রী তাঁর ফোনটি ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করের হাতে তুলে দেন। জেলাশাসক বলেন, ‘হস্তশিল্পের স্টলের মহিলাদের আবদারে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য ফোনটি দিয়েছিলেন। ছবিও তুলে দেওয়া হয়েছে।’

মুর্শিদাবাদ জেলার স্টল থেকে ১৫০ টাকা দিয়ে বড়ি ও আচারও কিনেছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের স্টলে বেলপাহাড়ির পাথর শিল্পকে তুলে ধরতে পাথরের থালা, বাটি ও ঘর সাজানোর নানা জিনিস রাখা হয়েছিল। পাথরশিল্পীদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জনসভা শেষে হস্তশিল্পের স্টল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *